ইউনাইটেডের নতুন দিগন্ত
এত দিন ডাগ-আউটে অহর্নিশ সামলাতে হয়েছে সীমাহীন স্নায়ুচাপ। এখন ঝাড়া হাত-পা। ম্যাচের আগে কৌশল নিয়ে ভেবে আর গলদঘর্ম হতে হয় না। খেলোয়াড়দের বকাবকি করতে হয় না। ফুটবল কোচের তরঙ্গ-বিক্ষুব্ধ জীবন থেকে মুক্তির আনন্দটা কেমন লাগছে স্যার অ্যালেক্স ফার্গুসনের? শুরুতে ঠিক যেন উপভোগ করতে পারছিলেন না ফার্গি। পারবেন কীভাবে, গ্যালারিতে গিয়ে প্রিয় দলের বারবার হোঁচট খাওয়া দেখতে কি ভালো লাগে? কিন্তু জার্মানিতে উড়ে গিয়ে দুর্দান্ত ইউনাইটেডকে দেখে নিশ্চয়ই কিছুটা তৃপ্তি পেয়েছেন। মনে মনে হয়তো বলেছেন, ‘বাঁচা গেল। এই লোকটার হাতে ইউনাইটেডের দায়িত্ব ছেড়ে এসে ভুল করিনি!’
তবে এখনই হয়তো চূড়ান্ত কথাটা বলা বাড়াবাড়ি। মৌসুমের এখনো অর্ধেকও পার হয়নি, ডেভিড ময়েসকে মূল্যায়ন করার অনেক সময় পড়ে আছে। তবে শুরুটা যেমন করেছিলেন, তাতে রায়টা বিরুদ্ধেই যাবে বলে মনে হচ্ছিল। সেপ্টেম্বরের শেষে তো অনেকেই ময়েসের এপিটাফ লিখে ফেলেছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ৬ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট, তিন ম্যাচে হার। লিগ চ্যাম্পিয়নরা কি না পয়েন্ট তালিকার ১৩ নম্বরে!
ঘুরে দাঁড়ানোর শুরুটা সেখান থেকেই। আর্সেনালকে নিজেদের মাঠে হারানোর পর হাওয়া লাগতে শুরু করে আশার পালে। পয়েন্ট ব্যবধান এরপর কমে দাঁড়ায় পাঁচে। যদিও গত সপ্তাহে কার্ডিফের সঙ্গে ড্রটা অপ্রত্যাশিত একটা ধাক্কা হয়ে এসেছে। তা-ও আবার ‘ফার্গি টাইমে’ গোল খেয়ে। যেখানে আগে যোগ করা সময়ে গোল করাটা একরকম অভ্যাসই বানিয়ে ফেলেছিল ইউনাইটেড!
লেভারকুসেনের সঙ্গে জয়টা তাই স্বস্তির উপলক্ষ। কিন্তু স্বস্তির গন্ডি ছাড়িয়ে এটা বরং বিস্ময়ই জাগাচ্ছে বেশি। বুন্দেসলিগার দ্বিতীয় দলকে ওদের মাঠে গিয়ে পাঁচ গোল দেওয়া সহজ কথা নয়! ১৯৫৭ সালের পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটা ইউনাইটেডের সবচেয়ে বড় অ্যাওয়ে জয়ও। লেভারকুসেন কোচ স্যামি হাইপিয়া তো বড় একটা শংসাপত্রই দিয়েছেন প্রতিপক্ষকে, ‘তারা শেষ পর্যন্ত যেতে পারে। আগে গোল করলে ওদের বিপক্ষে খেলা খুবই কঠিন।’
ডেভিড ময়েস অবশ্য এতেই সন্তুষ্ট নন, আরও ভালো করার প্রত্যাশা তাঁর, ‘আমাদের সেরা দিনগুলো পড়ে আছে সামনে। এর চেয়েও ভালো দিন আসবে।’ একই সুর ডিফেন্ডার প্যাট্রিস এভরার কণ্ঠেও, ‘সবাই ম্যানচেস্টার ইউনাইটেডকে খুব তাড়াতাড়ি হিসাব থেকে বাদ দিয়ে দেয়। গত বছরও অনেকে অনেক কিছু বলেছিল। কিন্তু ১৩ পয়েন্ট এগিয়ে থেকে আমরা লিগ জিতেছি। এবার মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করুন। তারপর কী হয় দেখুন।’
এভরার কথাটা তর্জন-গর্জন কি না বোঝা যাবে সময় হলেই। আপাতত ময়েস ব্যস্ত টটেনহাম-বধের ছক নিয়ে। প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কালই মুখোমুখি দুই দল। এএফপি, ওয়েবসাইট।