ইউনাইটেডের পরীক্ষা
প্রতিপক্ষ সেই সোয়ানসি। গত রোববারে এফএ কাপে যে দলটা স্তব্ধ করে দিয়েছিল রেড ডেভিলদের। এই মৌসুমে এমন তিক্ত হারের স্বাদ ইউনাইটেড কবারই পেয়েছে। লিগে টটেনহামের কাছে হার দিয়ে বছর শুরু, লিগ কাপে সান্ডারল্যান্ডের বিপক্ষেও একই ভাগ্যবরণ ডেভিড ময়েসের দলের। দলের এই হতশ্রী দশায় উদ্বিগ্ন স্ট্রাইকার ড্যানি ওয়েলবেকও, ‘একজন ইউনাইটেড খেলোয়াড় এবং ভক্ত হিসেবে আমার আবেগটা আরও বেশি। আমি কষ্ট পাই যখন দেখি দল হারছে।’
অন্তত সোয়ানসির কাছে সেই হারের শোধ নেওয়ার সুযোগ আজ ওয়েলবেকদের। সঙ্গে লিগের সপ্তম স্থান থেকে কিছুটা ওপরে ওঠাও একটা লক্ষ্য। দলের এই খারাপ সময়ে সমর্থকদের সমর্থন চেয়েছেন স্ট্রাইকার ওয়েইন রুনি, ‘আমরা আরও শক্তিশালী হব, আরও ভালো করব। সমর্থকেরা ধৈর্য ধরে আমাদের সঙ্গে আছেন এবং প্রেরণা দিয়ে যাচ্ছেন। আমি নিশ্চিত আমরা পারব।’
আজ মাঠে নামছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা চেলসিও। হোসে মরিনহোর দল খেলবে হাল সিটিতে। কাল দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি খেলবে নিউ ক্যাসলের সঙ্গে, চতুর্থ স্থানে থাকা লিভারপুলের প্রতিপক্ষ স্টোক সিটি। ভিলা পার্কে পরশু শীর্ষে থাকা আর্সেনালের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।