ইউনাইটেডের স্বস্তির জয়
ইতিহাস ছিল বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে আগে কখনো ২ গোলের ব্যবধান ঘোচাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ফর্মও ছিল না অনুকূলে, লিভারপুলের সঙ্গে আগের ম্যাচেই ওল্ড ট্রাফোর্ডে ডুবতে হয়েছে পরাজয়ের লজ্জায়। ইউনাইটেড জয় করল দুটিকেই। চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকসকে ৩-০ গোলে হারিয়ে মরুভূমিতে যেন খুঁজে পেল মরূদ্যান।
ইংলিশ লিগ স্বপ্ন বিসর্জিত অনেক আগেই, প্রায় শেষ শীর্ষ চারের আশাও। ‘ময়েস হটাও’ সুরটা চড়ছিল ক্রমাগত। অলিম্পিয়াকসের মাঠে ২-০ গোলে হেরে আসার পর কম সমালোচনা তো হয়নি। পরশু শেষ ষোলোর দ্বিতীয় লেগটা ছিল তাই ইউনাইটেড কোচের জন্য অগ্নিপরীক্ষা। রবিন ফন পার্সির অসাধারণ এক হ্যাটট্রিকেই ডেভিড ময়েস সেটিতে উতরেছেন ভালোমতোই।
পরশু ইউনাইটেডের সঙ্গী হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠে জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছে ২-১ গোলে হেরেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে উঠে গেছে শেষ আটে। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা, রিয়াল, পিএসজি, অ্যাটলেটিকো, বায়ার্ন, চেলসি। আজই জানা যাবে কে কার মুখোমুখি হচ্ছে। এএফপি।