ইউনাইটেডের হতাশা বাড়াবেন সুয়ারেজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজ

ওল্ড ট্রাফোর্ডের পরিবেশ থমথমে। হতাশার ছায়াটা স্পষ্ট। লুইস সুয়ারেজের প্রত্যাবর্তন আজ ডেভিড ময়েসের দলের এই হতাশাকে আরও বাড়িয়ে দিতে পারে! আজ যে লিভারপুল-ইউনাইটেড দ্বৈরথ। ইংলিশ ফুটবলের দুই পুরোনো শত্রু মুখোমুখি হচ্ছে লিগ কাপের ম্যাচে।
১ সেপ্টেম্বরই মুখোমুখি হয়েছিল দল দুটি। অ্যানফিল্ডের সেই ম্যাচে ইউনাইটেডকে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ দিয়ে লিভারপুল জেতে ১-০ গোলে। সেদিক দিয়ে ইউনাইটেডের জন্য এটা প্রতিশোধের সুযোগও। ডেভিড ময়েসের দল প্রতিশোধ নিতে পারবে? নাকি আরেকটি হতাশার রাতই অপেক্ষা করছে তাদের জন্য?
এমনিতেই দল নিয়ে কোচ ময়েস আছেন চাপের মুখে। গত মৌসুমে এই দলটার হাতেই লিগ শিরোপা তুলে দিয়ে বিদায় নিয়েছেন অ্যালেক্স ফার্গুসন। নতুন কোচের হাতে পড়ে সেই ইউনাইটেডই লিগে করেছে গত নয় বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরু! লিভারপুলের কাছে হারের পর গত রোববার ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হয়েছে ৪-১ গোলে। তার আগে চেলসির সঙ্গে গোলশূন্য ড্র। ফল, পাঁচ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ইউনাইটেড পিছিয়ে ৫ পয়েন্টে!
নগরপ্রতিদ্বন্দ্বী সিটির কাছে অসহায় আত্মসমর্পণ ইউনাইটেডের আত্মবিশ্বাসকেই দিয়েছে নাড়িয়ে। প্রশ্ন উঠেছে, কোচ ময়েসের কৌশল নিয়েও। কিন্তু ইউনাইটেডের মতো দলকে কি আর ভেঙে পড়লে চলে? সিটির বিপক্ষে ফ্রিকিক থেকে দলের একমাত্র গোলটি করা রুনি তাই গাইছেন আশাবাদী গান। বলছেন, লিভারপুলের ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াবে দল। প্রতিপক্ষ লিভারপুল, এটাই যেন রুনিদের ভেতরের আগুনটা জ্বালিয়ে দিচ্ছে, ‘এটা আমাদের জন্য আদর্শ ম্যাচ। লিভারপুলের বিপক্ষে যেকোনো ম্যাচই গুরুত্বপূর্ণ, হোক প্রীতি ম্যাচ, ক্যাপিটাল ওয়ান কাপ বা প্রিমিয়ার লিগ।’ ইউনাইটেডের জন্য স্বস্তির খবর, চোট কাটিয়ে আজ ফিরছেন সিটির ম্যাচে খেলতে না পারা রবিন ফন পার্সি। ম্যাচটাও ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে।
একটা অস্বস্তির খবরও আছে। নিষেধাজ্ঞা কাটিয়ে আজই লিভারপুলে ফিরছেন সুয়ারেজ। গত ২১ এপ্রিল চেলসির সার্বিয়ান ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের হাত কামড়ে ১০ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার। ক্লাবের হয়ে খেলতে না পারলেও জাতীয় দলে সুয়ারেজের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। দলের সেরা খেলোয়াড়কে ফিরে পেয়ে লিভারপুলের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। কোচ ব্রেন্ডান রজার্স বলছেন, ‘কোনো সন্দেহ নেই, মাঠে নেমে সে থাকবে ক্ষুধার্ত।’ এএফপি।