ইউনাইটেডের 'নতুন রুনি' ইয়ানুজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করেই দে ছুট ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার আদনান ইয়ানুজাই। সতীর্থ ওয়েইন রুনি ছুটলেন তাঁকে অভিনন্দন জানাতে। ষ এএফপি
গোল করেই দে ছুট ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার আদনান ইয়ানুজাই। সতীর্থ ওয়েইন রুনি ছুটলেন তাঁকে অভিনন্দন জানাতে। ষ এএফপি

মাঠে খেলা চলছে। অথচ টিভি ক্যামেরা বারবার খুঁজল বেঞ্চে বসে থাকা আদনান ইয়ানুজাইয়ের হাস্যোজ্জ্বল মুখ। বেলজিয়ান তরুণ হাসছেন আর উসখুস করছেন। ম্যাচের নায়কের কি বেঞ্চে বসে থাকতে মন চায়?
থাকতে পারলেনও না। শেষ বাঁশি বাজতেই বেঞ্চ ছেড়ে বেরোলেন। মাঠে পা ফেলেই দুই হাত ওপরে তুলে দর্শক অভিবাদনের জবাব দিলেন। একটু হয়তো সংকোচ ছিল। কোচ ডেভিড ময়েস এগিয়ে এসে ইশারায় অনুপ্রাণিত করলেন—এখন তো তোমারই উপভোগের সময়! ফন পার্সি-নানি-রুনিরাও ছুটে এসে জানালেন অভিনন্দন। ফন পার্সি-রুনিদের কেউ নন, পরশু সান্ডারল্যান্ডের বিপক্ষে ইউনাইটেডের মহাগুরুত্বপূর্ণ জয়ের নায়ক এই বেলজিয়ান তরুণই।
ম্যানচেস্টার সিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ওয়েস্ট ব্রমের কাছে হার। ১৯৮৯ সালের পর লিগে ইউনাইটেডের সবচেয়ে বাজে শুরু। এর আগের ম্যাচেই চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের সঙ্গে ড্র। আরেকটি অঘটনে ইউনাইটেড শিবিরে আঁধার ঘনাত! প্রথমে গোল করে সেই ইঙ্গিতই দিচ্ছিল সান্ডারল্যান্ড। পাঁচ মিনিটেই ক্রেগ গার্ডনারের এনে দেওয়া লিডটা ধরে রেখে পয়েন্ট তালিকার তলানিতে থাকা সান্ডারল্যান্ড হয়তো মৌসুমে প্রথম জয়ের স্বপ্নও দেখা শুরু করে দিয়েছিল।
অবশেষে ইউনাইটেডের ত্রাতা হয়ে আসেন ইয়ানুজাই। ইউনাইটেডের হয়ে প্রথম একাদশে প্রথম সুযোগ পেয়েই বেলজিয়ান তরুণ করলেন জোড়া গোল। ৫৫ থেকে ৬১—৬ মিনিট ২ গোল করে দলকে শুধু স্বস্তির জয়ই উপহার দেননি, ৭৭ মিনিটে উঠে যাওয়ার আগে নিজের জাতটাও চিনিয়েছেন। ময়েস তো তাঁকে খেতাব দিলেন ‘বিস্ময়বালক’। ১১ বছর আগে ওয়েইন রুনিকে আলোয় এনেছিলেন ময়েসই। এভারটনে ১৬ বছর বয়সেই রুনিকে অভিষেকের সুযোগ করে দিয়েছিলেন। ইয়ানুজাইকেও ময়েস তুলনা করলেন রুনির সঙ্গেই, ‘ওয়েইন রুনির অভিষেকের কথা আমার মনে আছে। আদনানও একই মানের। সে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়।’ ইয়ানুজাইকে প্রথম একাদশে নামানো নিয়ে ময়েসের কথা, ‘সে এমন একজন যাকে নিয়ে আমরা অনেক ভেবেছি। সপ্তাহ তিনেক ধরেই ওকে নামানোর চেষ্টা করছিলাম। নানা কারণে হয়ে উঠছিল না।’

২০১১ সালে আন্ডারলেখট থেকে ইয়ানুজাইকে নিয়ে আসেন অ্যালেক্স ফার্গুসনই। তবে মূল দলে অভিষেক এ মৌসুমেই। প্রথম শুরুর একাদশে নেমেই তো করলেন বাজিমাত। ময়েস এতটাই অভিভূত যে, ইংল্যান্ডের নাগরিকত্ব দিয়ে তাঁকে ইংল্যান্ড দলে নেওয়ারও আহ্বান জানিয়েছেন। শুধু ইংল্যান্ড কেন বেলজিয়ান তরুণ চাইলে খেলতে পারবেন আরও পাঁচটি দেশের হয়ে!

কাল ওয়েস্ট ব্রমের সঙ্গে ১-১ গোলে ড্র করেও গোল ব্যবধানে লিভারপুলকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আর্সেনাল। প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে থাকা দলটি সমতা আনে জ্যাক উইলশেয়ারের ৬৩ মিনিটের গোলে। অস্কার, এডেন হ্যাজার্ড ও উইলিয়ানের গোলে নরউইচকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি। ৮৪ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিল ম্যাচটি। টটেনহাম ০-৩ গোলে হেরেছে ওয়েস্ট হামের কাছে। এএফপি।