ইউনাইটেডের 'নতুন' রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্নার নিতে গিয়ে গায়ের ওপর কী যেন একটা এসে পড়ল। ওয়েইন রুনি দেখলেন ক্রিস্টাল প্যালেস সমর্থকেরা ধাতব মুদ্রা ছুড়ে মারছে তাঁর দিকে। ইংল্যান্ডের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড় হওয়ার পর পরশুই প্রথম মাঠে নেমেছিলেন রুনি। নেমেই এমন ‘ধাতব অভ্যর্থনা!’ ডান পায়ের দারুণ এক ভলিতে গোল করে অভ্যর্থনার জবাবটা দিয়েছেন মাঠেই।
পাঁচ বছরের নতুন চুক্তিতে সব মিলিয়ে ১০ কোটি ইউরো পাবেন রুনি। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-০ গোলের জয়টা স্বস্তির, তবে রুনিকে স্বরূপে ফিরতে দেখাটা তার চেয়ে কম নয়। ২৮ বছর বয়সী স্ট্রাইকার যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা ময়েস বললেন ম্যাচ শেষে, ‘তার বিকল্প খুঁজে বের করা আসলেই অসম্ভব।’ পেনাল্টি থেকে ইউনাইটেডকে এর আগে এগিয়ে দিয়েছিলেন রবিন ফন পার্সি।
আর্সেনাল কিংবদন্তি ডেনিস বার্গক্যাম্পের মূর্তির উদ্বোধন হয়েছিল এমিরেটসের সামনে। আর মাঠে যেন ডাচ কিংবদন্তির সেই দুরন্ত আর্সেনালকে মনে করালেন রসিস্কিরা। সান্ডারল্যান্ডের সঙ্গে ৪-১ গোলে জয়ের পর কোচ ওয়েঙ্গার সেটাই ফেললেন, ‘রসিস্কি আজ বার্গক্যাম্পের মতোই খেলেছে।’ জোড়া গোল করেছেন স্ট্রাইকার অলিভিয়ের জিরু, কসিয়েলনি করেছেন অন্যটি।
এদিকে কাল রুদ্ধশ্বাস ম্যাচে সোয়ানসিকে ৪-৩ গোলে হারিয়েছে লিভারপুল। এএফপি।