ইউনিসের উলমার-স্মরণ

আট বছর আগের দুঃস্মৃতি আজও বুকে শেল বিঁধিয়ে দেয় পাকিস্তানের। ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে অবিশ্বাস্য হার বিশ্বকাপ-যাত্রায় দাঁড়ি টেনে দিয়েছিল ইনজামাম-উল-হকদের। সেই লজ্জা-হতাশার মধ্যে আরেকটি আঘাত—কোচ বব উলমারের মৃত্যু। আয়ারল্যান্ড ম্যাচের পরদিন সকালে হোটেলকক্ষে পাওয়া গেল উলমারের নিথর দেহ। ক্রিকেট-বিশ্বেই তোলপাড় তুলেছিল ওই ঘটনা।
কাকতালীয়ভাবে সেই আয়ারল্যান্ডের সঙ্গেই পরশু অ্যাডিলেডে পাকিস্তানের বিশ্বকাপ-ভাগ্য নির্ধারণী ম্যাচ। এবার জয় পেতে মরিয়া ইউনিস খান, যিনি ২০০৭ সালের সেই ম্যাচের একমাত্র সদস্য হিসেবে আছেন বর্তমান দলে। পরশু জিতেই উলমারকে তা উৎসর্গ করতে চান ইউনিস। ৩৭ বছর বয়সী ব্যাটসম্যানের চোখে এর চেয়ে ভালো কিছু হতে পারে না, ‘নিশ্চিত করেই এটা আমার এবং আমাদের সবার জন্য আবেগময় ম্যাচ। আমি সব সময় তাঁকে স্মরণ করি। পাকিস্তান ক্রিকেটে ববের (উলমার) অবদান অনেক।’
এবারও আয়ারল্যান্ডের সঙ্গে পাকিস্তানের ম্যাচটা সহজ হবে না বলে মনে করেন ইউনিস। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই বিশ্বকাপেও নিজেদের উপস্থিতি সাড়ম্বরে জানান দিয়েছে আয়ারল্যান্ড। প্রতিপক্ষকে সমীহ করে ইউনিস বলছেন, এটা প্রতিশোধের ম্যাচ নয়। জিতে কোয়ার্টারে যাওয়া এবং নিজেদের সেরা খেলাটা উপহার দেওয়াই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। শেষ আটে উঠতে এ ম্যাচে পাকিস্তানকে জিততেই হবে। হারলেও সুযোগ থাকবে, তবে তা অনেক ‘যদি’নির্ভর।
সব একপাশে রেখে ২০০৭ ফিরে ফিরে আসছে পাকিস্তান শিবিরে। সেবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তান অলআউট মাত্র ১৩২ রানে। আয়ারল্যান্ড জেতে ৩ উইকেটে। এমন ‘সর্বনাশা’ হারের পর পদত্যাগ করবেন কি না, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উলমার বলেছিলেন, ‘কোচ হিসেবে আমার ভবিষ্যৎ হলো ঘুমানো।’
সত্যিই তিনি ঘুমিয়ে গেলেন চিরঘুমের দেশে। ক্রিকেট-বিশ্বকে নাড়িয়ে দেওয়া এই মৃত্যুর রহস্য উদঘাটন করতে অনেক সময় নেয় জ্যামাইকা পুলিশ। শেষ পর্যন্ত স্বাভাবিক মৃত্যু বলে তারা সিদ্ধান্তে পৌঁছালেও আজও ওটা বড় এক ধাঁধা হয়ে আছে।
আয়ারল্যান্ড চাইছে আরেকবার পাকিস্তানকে হারিয়ে শোরগোল ফেলতে। ২০০৭-এর ‘পাকিস্তান শিকারি’ আয়ারল্যান্ড দলের তিন খেলোয়াড় অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড এবং ও’ব্রায়েন ভাইয়েরা—নিয়াল ও কেভিন আছেন বর্তমান দলে। সেই ম্যাচের আরেক সদস্য এউইন মরগান এখন ইংল্যান্ডের অধিনায়ক। মরগান নেই, পোর্টারফিল্ডরা তো আছেন! এএফপি।