ইউনুস খান দলে ফেরায় খুশি সাবেক ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি ক্রিকেটের চরম সংকটময় মুহূর্তে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ইউনুস খানের দলে ফেরাকে স্বাগত জানিয়েছেন দেশটির অনেক সাবেক ক্রিকেটারই। ইউনুস খানের মতো ব্যাটসম্যানকে কেন দলে ফেরানো হচ্ছে না, তা নিয়ে পাকিস্তানের ক্রিকেট মহলে অনেক দিন ধরেই বিতর্ক চলছিল। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হয়েছিলেন ইউনুস খানসহ সাতজন পাকিস্তানি ক্রিকেটার। অন্যরা প্রায় সবাই নিষেধাজ্ঞার বেড়াজাল ডিঙিয়ে দলে ফিরলেও বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে দলে ফেরাটা অনিশ্চিত হয়ে পড়েছিল ইউনুস খানের। কিন্তু সম্প্রতি মোহম্মদ ইউসুফ ইনজুরির কবলে পড়ায় ইউনুসকে আর উপেক্ষা করতে পারেনি পিসিবি। ইউনুসের এই বহু প্রত্যাশিত ফেরাকে পাকিস্তানি ক্রিকেটর সৌভাগ্যের প্রতীক হিসেবেই দেখছেন সাবেক গ্রেট জহির আব্বাস। তিনি বলেছেন, ‘ইউনুসকে দলে ফেরানোর কথাটা অনেক দিন ধরেই বলে আসছিলাম। আরও আগেই তাকে দলে ফেরানো উচিত ছিল। শেষপর্যন্ত সে যে ফিরেছে এটাই ভালো ব্যাপার। আশা করছি, সে ভালো রান করবে।’শহীদ আফ্রিদি ও মিসবাহ-উল-হকের অধীনে ওয়ানডে ও টেস্ট খেলতে ইউনুসের মতো সিনিয়র ক্রিকেটারের কোনো অসুবিধা হওয়ার কথা নয় বলে মনে করেন জহির আব্বাস।পাকিস্তান ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফ বিশ্বকাপের আগে ইউনুস খানের দলে ফেরাটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপ পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় আমাদের সেরা খেলোয়াড়দেরই দলে থাকা উচিত।’ তিনি ইউনুস খানকে পাকিস্তানের এ মুহূর্তে সেরা ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করেন। সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান বাসিত আলীও পিসিবির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে পিসিবি সভাপতির ব্যক্তিগত ক্ষোভের কারণে ইউনুসকে এত দিন দলের বাইরে রাখার জন্য ইজাজ বাটের কাছে জবাবদিহিও দাবি করেছেন বাসিত আলী।—টাইমস অব ইন্ডিয়া