ইউনুস না থাকায় অধিনায়ক মিসবাহ
বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে বাজে পারফরম্যান্সের পর দল থেকে বাদ পড়েছিলেন মিসবাহ-উল-হক। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তাঁকে দলে ফিরিয়ে আনা ছিল একটি বিস্ময়, তার চেয়েও বড় বিস্ময় হলো এই মিডল অর্ডার ব্যাটসম্যানের কাঁধে টেস্ট দলের দায়িত্ব দেওয়া। অনেকেই এতে নতুন বিতর্কের গন্ধ খুঁজে পাচ্ছিলেন। তবে আজ শনিবার বিষয়টি খোলাসা করছেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক মহসিন খান নিজেই। তাঁর দাবি, অধিনায়ক হিসেবে ইউনুস খান নির্বাচকদের প্রথম পছন্দ ছিল। কিন্তু বোর্ড তাঁকে মাঠে ফেরার অনুমতি না দেওয়ায় বাধ্য হয়ে অভিজ্ঞ মিসবাহর কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে।দ্য নিউজকে মহসিন খান বলেন, ‘আমাদের ব্যাটিং লাইনআপ শক্তিশালী করার জন্য একজন সিনিয়র খেলোয়াড় প্রয়োজন ছিল। আমাদের প্রথম পছন্দ ছিলেন ইউনুস খান। কিন্তু বোর্ডের অনুমতি না পাওয়ায় আলোচনা করে মিসবাহকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিই আমরা।’মিসবাহকে দায়িত্ব দেওয়ার পেছনে অবশ্য আরেকটি বিষয় কাজ করেছে। বিতর্কে জর্জরিত পাকিস্তান দলে সিনিয়রদের মধ্যে তিনিই যে বলতে গেলে নিষ্কলুষ ক্রিকেটার! ৩৬ বছর বয়সে কোনো বিতর্কে জড়াননি তিনি। ক্রিকইনফোকে মহসিন খান বলেন, ‘দলে অনেক ক্রিকেটারের বিরুদ্ধেই শৃঙ্খলাবিষয়ক গুরুতর অভিযোগ রয়েছে। যাঁরা এখনো এসব বিতর্কে জড়াননি, তাঁদের মধ্যে মিসবাহ অন্যতম।’