পাকিস্তান আসলেই এক প্রহেলিকা! কদিন আগে জোহানেসবার্গে প্রথম টেস্টে লজ্জার চূড়ান্ত হওয়া দলটির এমন ঘুরে দাঁড়ানোর আর কী ব্যাখ্যা হয়! দুর্দমনীয় যে দক্ষিণ আফ্রিকান বোলিংয়ের বিপক্ষে জোহানেসবার্গে ৪৯ রানেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান, সেই আক্রমণকে হঠাত্ই যেন নির্বিষ মনে হলো। মনে করালেন ইউনুস খান ও আসাদ শফিক। পঞ্চম উইকেটে এই দুজনের রেকর্ড জুটিতে পাকিস্তান লড়াইয়ের একটা ঘোষণাই ছুড়ে দিল। প্রথম দিন শেষে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ২৫৩। নিউল্যান্ডসে সর্বশেষ তিন টেস্টের দুটিতে প্রতিপক্ষকে ৪৭ ও ৪৫ রানে গুটিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলাররা। সেই মাঠেই দ্বিতীয় টেস্ট পাকিস্তান শিবিরে হয়তো একটা শিরশিরে অনুভূতিই ছড়িয়ে দিয়েছিল। কাল খেলা শুরুর পর সেটি ক্রমেই আরও বেড়েছে। দক্ষিণ আফ্রিকার পক্ষে অধিনায়ক হিসেবে শততম টেস্টে টস জিতে গ্রায়েম স্মিথের প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত একটু বিস্ময়ই জাগিয়েছিল। কারণ নিউল্যান্ডসের উইকেট এবার ব্যাটিং-বান্ধব বলেই সবাই একমত হয়েছিলেন টেস্ট শুরুর আগে। স্মিথের সিদ্ধান্তের ব্যাখ্যা হতে পারে একটাই—আত্মবিশ্বাসহীন পাকিস্তানি ব্যাটসম্যানদের স্টেইন-মরকেল-ফিল্যান্ডারের তোপের সামনে ফেলে দেওয়া। পাকিস্তানি ইনিংসের ১৭ ওভার পর্যন্ত সেই সিদ্ধান্তকে যৌক্তিক বলেই মনে হচ্ছিল। ২১ রানে দুই ওপেনারকে তুলে নিয়েছিলেন ফিল্যান্ডার ও স্টেইন। এরপর পাঁচ বলের মধ্যে আজহার আলী ও মিসবাহ-উল হককে ফিরিয়ে মরকেল পাকিস্তান ড্রেসিংরুমে ফিরিয়ে আনেন জোহানেসবার্গের বিভীষিকা। ৩৩ রানে ৪ উইকেট নেই—এখান থেকেই শুরু ইউনুস খান ও আসাদ শফিকের সংগ্রাম। সেঞ্চুরি করেছেন দুজনই। পঞ্চম উইকেটে গড়েছেন ২১৯ রানের জুটি, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো উইকেটে পাকিস্তানের নতুন রেকর্ড (আগের রেকর্ড: অপরাজিত ১৮৬, মিসবাহ ও ইউনুস, দুবাই, ২০১০)। ইউনুস ১১১ রান করে আউট হয়ে গেলেও আসাদ শফিক এখনো আছেন। তাঁর নামের পাশেও ১১১! তথ্যসূত্র: টেন ক্রিকেট ও ওয়েবসাইট।