ইউনুসকে আবার নিষেধাজ্ঞার হুমকি পিসিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেটের চরম দুঃসময়ে সাবেক পাকিস্তানি ক্রিকেটারসহ অনেকেই দাবি জানিয়েছেন সাবেক অধিনায়ক ইউনুস খানকে ফিরিয়ে আনার। পাকিস্তানের নড়বড়ে ব্যাটিং লাইনআপ শক্তিশালী করতে ইউনুসকে দলে ফেরানোর জন্য মরিয়া হয়ে আছেন নির্বাচকেরাও। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের বাধায় দলে ফেরার ছাড়পত্র পাচ্ছেন না তিনি। পাকিস্তান ক্রিকেট দলের এ সংকটাপন্ন মুহূর্তে ইউনুসের সঙ্গে মিটমাট করে নেওয়া তো দূরে থাক, আবার নতুন করে তাঁর ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে পিসিবি।নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, পিসিবি সভাপতি ইজাজ বাটের সঙ্গে দেখা করে ক্ষমা না চাইলে ইউনুসকে দলে ফেরার অনুমতি দেবে না পিসিবি। আর এর জন্য সাত দিনের সময় বেঁধে দিয়ে ইউনুসের কাছে একটি নোটিশও পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে ইউনুসের কাছ থেকে কোনো জবাব না পেলে আবারও তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে বাজে পারফরমেন্স আর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর মধ্যে ইউনুস খান ছাড়া সবারই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে পিসিবি। ইউনুস খানকে কেন দলে ফেরানো হচ্ছে না—এ নিয়ে পাকিস্তানি সাবেক ক্রিকেটার আর গণমাধ্যমগুলোর ব্যাপক সমালোচনার পর ইউনুসকে চাপের মধ্যে ফেলার জন্যই পিসিবি এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করছে অনেকে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে ইউনুস খানই নির্বাচকদের প্রথম পছন্দ ছিল বলে স্বীকার করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক মহসিন খান। কিন্তু পিসিবির তাঁকে মাঠে ফেরার অনুমতি না দেওয়ায় এ দায়িত্ব বর্তিয়েছে মিসবাহ-উল-হকের কাঁধে।—পিটিআই