ইউনুসকেও ফিরিয়ে আনছে পিসিবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা মাত্র কয়েক মাসেই কাটিয়ে ফিরিয়ে আনা হয়েছে মোহাম্মদ ইউসুফকে। এবার সাবেক অধিনায়ক ইউনুস খানকেও ফিরিয়ে আনতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)! বোর্ড চেয়ারম্যান ইজাজ বাট ইউনুসকে ফিরিয়ে আনার সব বাধা পরিষ্কার করেছেন।পিসিবির নির্বাচক কমিটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ও তার পরবর্তী ওয়ানডে সিরিজের জন্য ইউনুসকে আনতে সম্মতি দিয়েছেন ইজাজ বাট। পিসিবির চেয়ারম্যানের এ সম্মতির কারণও জানিয়েছে সূত্রটি, পাকিস্তান দলের দুর্বল পারফরম্যান্সের কারণে ইউনুসকে ফিরিয়ে আনতে বাটের ওপর চাপ ছিল। কারণ, ইংল্যান্ডের মাটিতে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো। শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার করে ইউনুসকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি চেয়ারম্যান।সূত্র জানায়, ইউনুসকে ফিরিয়ে আনার ব্যাপারে কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বোর্ড ও নির্বাচকেরা। এ ঘোষণা আসার পরই ইংল্যান্ডের উদ্দেশে উড়বেন সাবেক এ অধিনায়ক।অস্ট্রেলিয়া সফরে লজ্জাজনক পারফরম্যান্সের কারণে গত মার্চে ইউসুফ ও ইউনুসকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে পিসিবি। ইউনুস এ রায়ের বিরুদ্ধে আপিল করেন, আর ক্ষোভে অবসরের ঘোষণা দেন ইউসুফ। ইউসুফকে ফিরিয়ে আনা হয়েছে, ইউনুসের ব্যাপারে পিসিবির চেয়ারম্যানের শর্ত ছিল—ক্ষমা চাইতে হবে তাঁকে। তবে নিজের অবস্থান থেকে সরে এসে ইউনুসকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন ইজাজ বাট।—ওয়েবসাইট