ইউনুসের কণ্ঠে ‘সমন্বয়ের’ জয়গান
জন্মদিনে বিশেষ কিছু করেননি? শুনে হো হো করে হেসে উঠলেন ইউনুস খান, ‘মনেই ছিল না সারা দিন, রাতে কেউ একজন বলার পর মনে পড়ল।’ পরশু টি-টোয়েন্টি ম্যাচের দিন ৩৪ পূর্ণ করলেন ইউনুস খান। বয়স আরেকটু বেড়ে গেল, এতে মনে হয় বেশ মজাই পাচ্ছেন সাবেক অধিনায়ক। দলে চোট-সমস্যা আছে কি না, এমন এক প্রশ্নের উত্তরে বললেন, ‘দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমি। আমি-ই যখন ফিট আছি, অন্যদের কোনো সমস্যা নেই।’এই প্রাণখোলা হাসি ইউনুসের ‘ট্রেডমার্ক’। মাঠের বাইরে যেমন, মাঠেও ইউনুসকে দেখা যায় হাসিমুখ। কাল অনেকটা ফুরফুরে ছিল আসলে গোটা পাকিস্তান দলই। টি-টোয়েন্টির আগের দিন অনুশীলন পুরোপুরি ‘বদ্ধদুয়ার’ থাকলেও কাল কিছুটা সময়ের জন্য খুলে দেওয়া হয়েছিল সংবাদমাধ্যমের জন্য। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ দেখেই কি তারা বুঝে গেছে, এই সিরিজ নিয়ে এত ভাবার কিছু নেই?ইউনুস কিন্তু এবার কণ্ঠ মেলালেন অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গেই। ‘যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক’ সেই একই কথা, ‘মোটেও আশা করছি না সিরিজটা সহজ হবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কাগজে-কলমে যে দলই এগিয়ে থাকুক, জিততে হলে মাঠে ভালো খেলেই জিততে হয়। সিরিজ সহজ হলো না কঠিন, এটা কেবল সিরিজ শেষে বলা যাবে। মাঠে নেমে প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই।’সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা বোলিং আক্রমণ পাকিস্তানের। সবচেয়ে বৈচিত্র্যময় তো অবশ্যই। গুল-চিমা-তানভীর-আফ্রিদি-আজমল-হাফিজ-মালিক—সবার বোলিংয়ের ধরন আলাদা। বোলিং আক্রমণে এমন সব অস্ত্র আছে বলেই উইকেট নিয়ে একটুও ভাবনা নেই ইউনুসের, ‘কালকের মতো স্পিনিং উইকেট হলে কোনো সমস্যা নেই, আমাদের দারুণ সব স্পিনার আছে। গত রাতেই তো দেখা গেছে বাংলাদেশ স্পিনে আমাদের চেয়ে বেশি ভুগেছে। পেস বোলারদের জন্য সহায়তা থাকলেও আমাদের সমস্যা নেই। উইকেট যেমনই হোক, আমাদের সমস্যা নেই।’এমন বোলিং আক্রমণের সবার বাজে দিন আশা করা বৃথা। তবে বাংলাদেশের জন্য সামান্য আশার আলো হতে পারে পাকিস্তানের ব্যাটিং। বোলিংয়ের মতো ধারাবাহিকতা ব্যাটিংয়ে এখনো নেই পাকিস্তানের। তবে ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ ইউনুস একটা ইতিবাচক দিক খুঁজে পেলেন অধারাবাহিক ব্যাটিংয়েই, ‘এর একটা ভালো দিকও কিন্তু আছে। শ্রীলঙ্কার বিপক্ষে গত সিরিজে দেখা গেছে কখনো আমি পারফর্ম করেছি, কখনো হাফিজ করেছে, কখনো শহীদ (আফ্রিদি), কখনো অধিনায়ক...এটা তো দলের জন্যই ভালো। প্রমাণ হয়েছে দু-একজন ব্যাটসম্যানের ওপর দল নির্ভরশীল নয়।’এই পাকিস্তানের আসলে অনেক কিছুই অন্য রকম, ঠিক যেন পাকিস্তানসুলভ নয়। পাকিস্তানের সবচেয়ে তারকাবহুল দলেরও টানা খুব বেশি ম্যাচ জয়ের ধারাবাহিকতা নেই। কিন্তু ‘অননুমেয়’ তকমাটা ছেঁটে ফেলতে যেন বদ্ধপরিকর এই দলটি। এ বছর ২৯ ওয়ানডের ২১টিতেই জয়, সাফল্যের হার ৭৫ শতাংশ (অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ)। এমন বদলে যাওয়ার রহস্য ব্যাখ্যা করলেন ইউনুস, ‘আমাদের দলে এখন তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ সমন্বয়। বিশেষ করে বোলিংয়ে। আসলে বোলিংই ম্যাচ জেতায়। অসাধারণ স্পিন আক্রমণ আমাদের, আজমল-আফ্রিদির সঙ্গে হাফিজ ও মালিকের মতো ব্যাকআপ বোলার আছে। পেস আক্রমণেও উমর গুলের সঙ্গে সোহেল তানভীর ও আইজাজ চিমারা আছে। ব্যাটিংয়ে মিসবাহ, আফ্রিদি, আমি যেমন আছি, তেমনি আসাদ শফিক, উমর আকমলের মতো তরুণেরা আছে। এমন সমন্বয়ের কারণেই পারফরম্যান্স এত ভালো হচ্ছে।’তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয় তো আগেও ছিল। নিশ্চয়ই কারণ আরও অনেক কিছুই আছে। হতে পারে দলীয় সমঝোতা ভালো, হতে পারে মিসবাহর নেতৃত্ব। কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হয়ে পড়ার জবাব। পারফরম্যান্সের চেয়ে বড় জবাব আর কী হতে পারে!