দুই সেঞ্চুরিতে বড় লিড পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩তম সেঞ্চুরি পর ইউনুস, পরে মিসবাহও পেয়েছেন শতকের দেখা
২৩তম সেঞ্চুরি পর ইউনুস, পরে মিসবাহও পেয়েছেন শতকের দেখা

দৃশ্য-১:
সেনানায়কের বল ব্যাক ফুটে খেলে মিডউইকেটে পাঠিয়ে ১ রান নিলেন মিসবাহ-উল-হক। ছুঁয়ে ফেললেন ২৩তম টেস্ট অর্ধশতক!
দৃশ্য-২:
৭৭তম ওভারের হেরাথের করা পঞ্চম বল স্বভাবসুলভ দৃষ্টিনন্দন ড্রাইভে এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারি পার করলেন ইউনুস খান। ছুঁয়ে ফেললেন ২৩তম টেস্ট শতক।

দুটো দৃশ্যই একটি বিন্দুতে মিলবে। বিন্দুটির নাম ‘২৩’! একজন করেছেন ২৩তম টেস্ট অর্ধশতক, আরেক জন ২৩তম টেস্ট শতক! ভক্ত-সমর্থকদের নতুন বছরের প্রথম দিনে কি দারুণ এক উপহারই না দিলেন মিসবাহ-ইউনুস!
মিলটা অবশ্য বেশিক্ষণ থাকেনি। নিজের টেস্ট ফিফটির সংখ্যা আবার ২২-এ নামিয়ে এনেছেন মিসবাহ। ২৩তম ফিফটিটা যে পরে রূপ নিয়েছে পঞ্চম সেঞ্চুরির।

দুজনের অসাধারণ দুটো ইনিংসের কল্যাণে আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনের লাগাম পুরো পাকিস্তানেরই হাতে। ইউনুস ১৩৬ করে ইরাঙ্গার দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেলেও মিসবাহ দ্বিতীয় দিন শেষ করেছেন ১০৫ রানে অপরাজিত থেকে। পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ৩২৭। ১২৩ রানের লিড।

চতুর্থ উইকেটে মিসবাহ-ইউনুসের ২১৮ রানের জুটিতেই ভর করে গড়ে উঠেছে পাকিস্তানের ইনিংস। ৮৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল পাকিস্তান। ১ উইকেটে ৪৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তান লাঞ্চের আগেই হারিয়েছে আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজের উইকেট দুটি। ইরাঙ্গার বলে আউট হওয়ার আগে শেহজাদ করেছেন ৩৮। ওয়ানডে সিরিজে অবিশ্বাস্য ব্যাটিং করা হাফিজ অবশ্য আজ খুব একটা ভালো করতে পারেননি। লাকমলের শিকার হওয়ার আগে করেছেন ১১।

দিনের ১৪ ওভার বাকি থাকতে ইউনুস ফিরে গেলে আসাদ শফিককে নিয়ে ২৬ রানের জুটি গড়েছেন মিসবাহ।