ইউনুসের সেঞ্চুরিতে হার এড়াল পাকিস্তান
পঞ্চম দিনে পাকিস্তানের আট উইকেট তুলে নিয়ে জয়ের স্বাদ নেবে— এমন স্বপ্নই দেখছিল দক্ষিণ আফ্রিকা। তাদের এই জয়ের আশা করাটাও স্বাভাবিক কারণ, প্রথম ইনিংসে পাকিস্তানকে তারা অলআউট করেছিল মাত্র ২৪৮ রানে। কিন্তু প্রোটিয়াসদের এই আশায় জল ঢেলে দিয়েছেন ইউনুস খান আর অধিনায়ক মিসবাহ-উল-হক। ইউনুসের ক্যারিয়ারের ১৭তম টেস্ট সেঞ্চুরি আর মিসবাহ-উল-হকের ৭৬ রানের অনবদ্য ইনিংসে ভর করে হার এড়িয়েছে পাকিস্তান।২ উইকেটে ১০২ রান নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। জয়ের জন্য তাদের দরকার ছিল আরও ৩৪২ রান। জয়ের জন্য তাড়াতাড়ি রান সংগ্রহ করার পথে না গিয়ে বরং উইকেট ধরে রাখার দিকেই বেশি জোর দিয়েছিলেন পাকিস্তান ব্যাটসম্যানরা। আর সে চেষ্টায় বেশ ভালোমতোই সফল হয়েছেন তাঁরা। আজহার আলী ৬৩ রান করে ফিরে গেলেও বাকি সময়টুকু দক্ষিণ আফ্রিকান বোলারদের হতাশ করেছেন ইউনুস খান ও মিসবাহ-উল-হক।ম্যাচ বাঁচানো অপরাজিত ১৩১ রানের ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন ইউনুস খান।আবুধাবিতে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার শেষ টেস্টটি শুরু হবে ২০ নভেম্বর। ক্রিকইনফো।