ইউরোপফেরত জিমিদের এশিয়া জয়ের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচের পর বাংলাদেশের খেলোয়াড়দের সৌজন্য করমর্দন। ছবি : সৌজন্য
অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচের পর বাংলাদেশের খেলোয়াড়দের সৌজন্য করমর্দন। ছবি : সৌজন্য

‘আমরা কখনো অলিম্পিকে খেলিনি। অলিম্পিক ভিলেজে থাকার অভিজ্ঞতাও আগে হয়নি। কিন্তু পোল্যান্ডে যা দেখে এলাম, তাতে মুগ্ধ। খেলোয়াড়দের আবাসিক ক্যাম্পের জন্য এত চমৎকার ব্যবস্থা না দেখলে বিশ্বাসই হতো না’—জাতীয় হকি দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমির কণ্ঠে মুগ্ধতা।
প্রায় এক মাসের ইউরোপ সফর শেষে পরশু ঢাকায় ফিরেছে হকি দল। ১৯-২৭ নভেম্বর হংকংয়ে অনুষ্ঠেয় এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপের প্রস্তুতির জন্যই জার্মানিতে আয়োজন করা হয় এই কন্ডিশনিং ক্যাম্প। পাশাপাশি পোল্যান্ড ও অস্ট্রিয়ায় খেলা হয়েছে ৮টি প্রস্তুতি ম্যাচ। পোল্যান্ড জাতীয় দলের সঙ্গে প্রথম দুটি ম্যাচে ১-০ গোলের হার, তৃতীয় ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচ ১-১ গোলে ড্র করেছে পোল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে। অস্ট্রিয়ার সঙ্গে তিন ম্যাচের প্রথমটিতে ৩-৩ গোলে ড্র করলেও পরের দুটিতে হেরেছে ৪-০ ও ২-১ গোলে।
একটি ম্যাচেও জয় দেখেনি বাংলাদেশ। কিন্তু বেশির ভাগ ম্যাচই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দলের সঙ্গে যাওয়া স্থানীয় কোচ মাহবুব হারুন এই কন্ডিশনিং ক্যাম্পের অনেক উপকারিতা দেখছেন। প্রতিদিন সকালে থাকত ভিডিও সেশন। এরপর দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত অনুশীলন। সন্ধ্যা ছয়টায় শুরু হতো ম্যাচ। প্রত্যেক খেলোয়াড়ের জন্য ডায়েরি লেখা ছিল বাধ্যতামূলক। আগের দিনের ক্লাসের আলোচনা থেকে বিভিন্ন প্রশ্ন করা হতো খেলোয়াড়দের। উত্তর দিতে না পারলে তাঁকে লজ্জা দিতেন জার্মান কোচ অলিভার কার্টজ!
কন্ডিশনিং ক্যাম্পের সঙ্গে এতগুলো প্রস্তুতি ম্যাচ খেলে আত্মবিশ্বাসী হকি দল। হংকংয়ে শিরোপা জিততে চান জিমিরা, ‘আমরা সেখানে গিয়ে যেভাবে প্রস্তুতি ম্যাচ খেলেছি, সেটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। প্রচণ্ড শীতে, ১০ ডিগ্রির নিচে তাপমাত্রায় খেলতে হয়েছে। পোল্যান্ডের সঙ্গে আগে বড় ব্যবধানে হারলেও এবার ড্র করেছি। এতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আশা করি, এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হতে পারব।’
৬ নভেম্বর মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে নতুন অনুশীলন। জার্মান কোচ অলিভার কার্টজ আসার পরই চূড়ান্ত দল ঘোষণা করা হবে। বাংলাদেশ দল হংকংয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে ১৭ নভেম্বর।