ইউরো-আফ্রিকান ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘বাংলাদেশকে অনেক ভালোবাসি। এখানে আসতে পেরে খুব খুশি।’ গেরহার্ড পিটার রাখ বাংলা ভাষা যতটুকু রপ্ত করেছিলেন তা এখনো ভোলেননি। সর্বশেষ বছর তিনেক আগে মোহামেডানের দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক জার্মান কোচ। এবার এসেছেন মেরিনার ইয়াংস ক্লাবের কোচ হিসেবে। তাঁর হাত ধরেই বাংলাদেশের ঘরোয়া হকিতে প্রথম এলেন তিনজন ইউরোপিয়ান ও আফ্রিকান হকি খেলোয়াড়।
কাল মেরিনার্স ক্লাবে সংবাদ সম্মেলনে তিন বিদেশি খেলোয়াড়কে পরিচয় করিয়ে দিলেন গেরহার্ড। এঁদেরই একজন ডাম্বেরাস্কি নিকোলাই হেইঞ্জ। প্রাণোচ্ছল তরুণ। খেলেছেন জার্মানি অনূর্ধ্ব-২১ ও জার্মানির প্রথম বিভাগে। সংবাদ সম্মেলন শেষে জাতীয় দলের খেলোয়াড় চয়ন, কৌশিকদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে উঠলেন, সেলফি তুললেন। বাংলাদেশে এসে খুবই আনন্দিত হেইঞ্জ, ‘এখানে খেলতে এসেছি নতুন অভিজ্ঞতা নিতে। আমি খুবই গর্বিত বাংলাদেশে আসতে পেরে।’ জার্মানির ঘরোয়া হকিতে খেলেছেন জাতীয় দলের খেলোয়াড় জিমি, বিপ্লব, চয়নদের সঙ্গে। তবে চয়নের সঙ্গেই বেশি বন্ধুত্ব হেইঞ্জের, ‘চয়ন আমার বন্ধু। ওর সঙ্গে এক ক্লাবে খেলেছি। আশা করি, এখানেও খেলতে সমস্যা হবে না।’
মেরিনার্সে হেইঞ্জের সঙ্গী কেনিয়া জাতীয় দলের গোলরক্ষক লিনাস কিমকেমবই, মিডফিল্ডার ওকিউ উইলস। গত বছর আফ্রিকার সেরা গোলরক্ষক হয়েছেন লিনাস। মেরিনার্স এবার বহুজাতিক দল, কেননা মালয়েশিয়ার দুই খেলোয়াড় জিওয়া মোহন ও জীবন মোহন এসে যোগ দেবেন আগামী পরশু। আজই অবশ্য শুরু হয়ে যাচ্ছে ক্লাব কাপ হকি, যেটি আসলে বহুকাঙ্ক্ষিত প্রিমিয়ার হকি লিগের প্রস্তুতি টুর্নামেন্ট। মেরিনার্স বিদেশি খেলোয়াড় এনেছে, আনছে মোহামেডান ও ঊষা ক্রীড়াচক্র। কিন্তু বিদেশিদের নিয়ে সংশয়ে রয়েছে আবাহনী। কাল ক্লাব চত্বরে জার্সি উন্মোচন অনুষ্ঠানে কোচ মাহবুব হারুন বললেন, ‘আমরা পাকিস্তানি খেলোয়াড়দের দিকে তাকিয়ে আছি। ভিসা জটিলতায় ওদের আসতে দেরি হচ্ছে।’
ক্লাব কাপ হকির প্রথম দিনে আজ দুটি খেলা। উদ্বোধনী ম্যাচে মোহামেডান মুখোমুখি সোনালী ব্যাংকের, পরের ম্যাচে আবাহনী খেলবে ওয়ারীর সঙ্গে।