ইউরো দলে জায়গা হলো না বালাকের
দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না জার্মান মিডফিল্ডার মাইকেল বালাকের। ইনজুরির কারণে অংশ নিতে পারলেন না বিশ্বকাপে। হারালেন অধিনায়কত্বও। তবে বালাক আশা করেছিলেন, ইনজুরি কাটিয়ে দলে ফিরলে ফিলিম লামের কাছ থেকে অধিনায়কত্ব ফিরে পাবেন। কিন্তু অধিনায়কত্ব ফিরে পাওয়া দূরের কথা, জায়গা হয়নি ইউরো বাছাই পর্বের জন্য ঘোষিত দলে। আজ শুক্রবার ইউরো ২০১২ বাছাই পর্বের জন্য সাবেক অধিনায়ক মাইকেল বালাককে ছাড়াই ২১ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জোয়াকিম লো। দলে ফিরতে হলে বালাককে তাঁর সেরা ফর্মে ফিরতে হবে বলে জানিয়েছেন লো। বালাক ইনজুরি কাটিয়ে ফেরাতে আনন্দ প্রকাশ করে লো বলেছেন, ‘তিন মাস পর বালাক ইনজুরি কাটিয়ে উঠেছে। সবাই এতে স্বস্তি পেয়েছে। কিন্তু এ মুহূর্তে তার জন্য গুরুত্বপূর্ণ হলো জার্মান ক্লাব লেভেরকুসেনের হয়ে নিজের সেরা ফর্মটা ফিরে পাওয়া।’ বালাক দলে না ফেরায় ফিলিপ লামের কাছেই থাকছে অধিনায়কের বাহুবন্ধনী।বিশ্বকাপ দলের ১৭ জন খেলোয়াড়ই থাকছে জার্মানির ইউরো ২০১২ মিশনে। ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া ডিফেন্ডার হেইকো ওয়েস্টারম্যান, মিডফিল্ডার ক্রিশ্চিয়ান ট্রাসেচ ও গোলরক্ষক রেনে আডলার দলে ফিরেছেন।সেপ্টেম্বরের ৩ তারিখে বেলজিয়ামের মুখোমুখি হবে জার্মানি।জার্মান দল: ম্যানুয়েল ন্যুয়ের, টিম ওয়েসি, রেনে আডলার, হোলগার বাডস্টুবার, মার্সেল জনসেন, ফিলিপ লাম, মার্টেসাকার, সাশা রিচের, হেইকো ওয়েস্টেরম্যান, ক্যাকাও, সামি খেদিরা, টনি ক্রুস, মার্কো মারিন, টমাস মুলার, মেসুত ওজিল, লুকাস পোডলস্কি, শোয়েনস্টাইগার, ক্রিশ্চিয়ান ট্রাসেচ, মারিও গোমেজ, স্টিফান কিয়েসলিং ও মিরোস্লাভ ক্লোসা।—রয়টার্স