ইউরো ফুটবল মাছরাঙায়
ইউরো ফুটবলের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন—এমনটাই জানা গিয়েছিল প্রথমে। কিন্তু চ্যানেল নাইন নয়, ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের আরেকটি বেসরকারি টেলিভিশন মাছরাঙা।৮ জুন শুরু হতে যাওয়া ইউরো ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ৩১টি ম্যাচ বাংলাদেশে দেখা যাবে শুধু মাছরাঙার পর্দায়। ঢাকা ও ঢাকার বাইরে নির্বাচিত কিছু জায়গায় বড় পর্দায়ও ইউরোর খেলা দেখানোর পরিকল্পনা আছে মাছরাঙার। কত টাকার বিনিময়ে প্রচারস্বত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি সেটা জানাতে চাননি মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। স্বত্ব পেলে ভবিষ্যতে কোপা আমেরিকার খেলাও মাছরাঙা সম্প্রচার করবে। এবারের ইউরোর খেলাগুলো ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানোর উদ্যোগও নিয়েছে চ্যানেলটি। দর্শকদের নিরবচ্ছিন্ন খেলা দেখার স্বার্থে খেলা চলাকালে সংবাদ প্রচার বন্ধ রাখা হবে। একই সময়ে দুটি খেলা থাকলে একটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরের ম্যাচ দেখানো শুরু হবে। কাল রাজধানীর এক হোটেলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন অঞ্জন চৌধুরী। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহসভাপতি কাজী নাবিল আহমেদ, সদস্য সত্যজিৎ দাস (রুপু), মাছরাঙা টেলিভিশনের সিইও এবং বার্তা প্রধান ফাহিম মুনায়েম প্রমুখ।