ইউরো মিশনে থাকছেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠকারী বদমেজাজি আচরণের খেসারত দিয়ে ইউরো ২০১২ আসরের গ্রুপ পর্বের কোনো ম্যাচেই মাঠে নামতে পারবেন না ওয়েইন রুনি। গত মাসে বাছাইপর্বের খেলায় মন্টেনিগ্রোর ডিফেন্ডারকে ইচ্ছাকৃত লাথি মেরে তিন ম্যাচের বহিষ্কারাদেশ পেয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার। এর ফলে ইংল্যান্ডের ইউরো মিশনে দলের অন্যতম সেরা এই খেলোয়াড় থাকবেন কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন অনেকেই। তবে শেষ পর্যন্ত হয়তো রুনিকে নিয়েই দল গড়বেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। গত বুধবার ক্যাপেলো নিজেই রুনিকে এই আশ্বাস দিয়েছেন বলে রিপোর্ট করেছে গার্ডিয়ান ও টেলিগ্রাফ। নিজের ভুল বুঝতে পেরে এখন বারবার আক্ষেপ করছেন রুনিও।গত মাসে মন্টেনিগ্রোর বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচে আচমকা প্রতিপক্ষের ডিফেন্ডারকে লাথি মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন রুনি। পরে রুনির ওপর আরও তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে উয়েফা। তবে এখন নিজের ভুল বেশ ভালো মতোই বুঝতে পারছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার। কৃতকর্মের জন্য এখন আফসোসও করছেন তিনি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২৬ বছর বয়সী এই ফুটবলার বলেছেন, ‘আমি খুবই বোকার মতো কাজ করেছি। আমার কোনো অজুহাতও নেই। কিন্তু আমি সঙ্গে সঙ্গেই নিজের ভুল বুঝতে পেরেছি এবং ক্ষমা চেয়েছি। তবে আমার মনে হয় এর সাজাটা অনেক বেশিই দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাটা যদি একটা ম্যাচও কমিয়ে দেওয়া হয়, তাহলেও আমার জন্য অনেক ভালো হবে।’ ইএসপিএন।