ইউরোতে নেই ভিয়া
ভিসেন্তে দেল বস্কের উদ্বেগ ছিল একটাই—সুস্থ হয়ে ডেভিড ভিয়া ইউরোর দলে ফিরতে পারবেন কি না। উত্তরটা পেয়ে গেলেন স্পেন কোচ। উত্তরটা এসেছে আশা ভঙ্গের কারণ হয়ে। পোল্যান্ড-ইউক্রেন ২০১২ ইউরোতে খেলা হচ্ছে না স্পেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ভিয়ার। দলের অন্য সবাই এতে হতাশ, তবে বোঝাই যাচ্ছে ভিয়ার হতাশাটা কত বড়। কোচ, সতীর্থ, দেশবাসীর সঙ্গে তিনিও চোট থেকে সেরে ওঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন ইউরোকে পাখির চোখ করে। কিন্তু পরশু নিজেই জানিয়ে দিয়েছেন, ইউরোতে খেলার মতো শতভাগ ফিট তিনি নন।গত ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে খেলতে গিয়ে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে ভিয়া। ইউরোর আগে পূর্ণ সুস্থ হয়ে ওঠা নিয়ে সংশয়ই ছিলই। তবে কোচ, সতীর্থরা আশায় বুক বেঁধে ছিলেন, হয়তো নির্ধারিত সময়ের আগেই পুরো ফিট হয়ে উঠবেন ভিয়া।ফিটনেসের জন্য বার্সেলোনার ৩০ বছর বয়সী স্ট্রাইকারকে সময় বেঁধে দিয়েছিলেন দেল বস্ক। গত পরশু কোচের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার দিনেই ভিয়া জানিয়ে দিয়েছেন তাঁর ইউরোর স্বপ্নভঙ্গের কথা। বিকেলে জাতীয় দলের চিকিৎসকের সঙ্গে কথা বলেই অমোঘ সত্যটা জানতে পেরেছেন। পরে সেটি জানিয়ে দিয়েছেন কোচকে। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনও নিশ্চিত করেছে, নির্ধারিত সময়ে ইউরোর জন্য পূর্ণ ফিটনেস পেতে ব্যর্থ হয়েছেন ভিয়া। ওই দিনই ঘোষিত খেলোয়াড়দের নিয়ে অস্ট্রিয়ায় ছুটে গেছেন দেল বস্ক। ইউরোর আগে স্পেন প্রস্তুতি ক্যাম্পটা করছে অস্ট্রিয়াতেই।কঠিন এ সিদ্ধান্তের পর সমর্থকদের উদ্দেশে ভিয়ার টুইট, ‘আমি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছি। কিন্তু ইউরোর জন্য শতভাগ সুস্থ হতে পারলাম না। এটা বলার জন্যই আজ কোচের সঙ্গে দেখা করেছি। সর্বোচ্চ সততার জন্য এটাই করার ছিল। সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’ জাতীয় দলের সতীর্থরাও তাঁকে দ্রুতই জানিয়েছেন শুভকামনা। বার্সেলোনা মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাসের টুইট, ‘মনোবলটা ধরে রাখো। তুমি একজন তারকা। তুমি যেমন ছিলে তেমনই জাতীয় দলের সেরা গোলদাতা হয়ে থাকবে।’ চেলসির হুয়ান মাতা লিখেছেন, ‘তুমি আবারও প্রমাণ করেছ, তুমি একটা দৃষ্টান্ত। আমরা তোমাকে মিস করব। তুমি আবারও ফিরে গোল করতে থাকবে।’দেল বস্ক এখনো পূর্ণাঙ্গ দল ঘোষণা করেননি। আগামীকাল কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও। এই ম্যাচের পর আগামী ২৭ তারিখ স্পেন কোচ ঘোষণা করবেন ২৩ সদস্যের চূড়ান্ত দল।তবে দেল বস্ক দল যেভাবেই গড়ুন, ভিয়ার অনুপস্থিতিতে আক্রমণভাগটাই বেশি গুরুত্ব পাবে তাঁর কাছে। ভিয়া জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৫১ গোল করেছেন ৮২ ম্যাচে। ২০০৮ ইউরো ও ২০১০ বিশ্বকাপ—স্পেনের দুটি শিরোপা জয়েই তাঁর ছিল মুখ্য ভূমিকা। চোটের কারণে ২০০৮ ইউরোর ফাইনালে খেলতে না পারলেও টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। ২০১০ বিশ্বকাপেও পাঁচ গোল করে হয়েছিলেন সর্বোচ্চ চার গোলদাতার একজন।স্পেনের প্রাথমিক দলে ফার্নান্দো তোরেস, ভ্যালেন্সিয়ার রবার্তো সলদাদো, সেভিয়ার আলভেরো নেগ্রেদো ও অ্যাটলেটিকো মাদ্রিদের আদ্রিয়ান লোপেজদের ডেকেছেন। এঁদের সঙ্গে হয়তো আরও যোগ হবে বিলবাওয়ের ফার্নান্দো লরেন্তে ও বার্সেলোনার পেদ্রোর নামও। শেষ পর্যন্ত চূড়ান্ত দলটি যা-ই হোক, কে ঘোচাবেন ভিয়ার শূন্যতা? রয়টার্স, এএফপি।