ইউরোতে পুয়োলের খেলা ‘অসম্ভব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কের চোখে কার্লোস পুয়োল ‘দলের আত্মার একটি অংশ’। তবে ‘আত্মার এই অংশটুকু’ ছাড়াই শিরোপা ধরে রাখতে পোল্যান্ড ও ইউক্রেনে যেতে হচ্ছে স্পেনকে। আগের দিনই আশঙ্কা করা হয়েছিল যে ইউরোতে খেলা হচ্ছে না কার্লোস পুয়োলের। কাল স্প্যানিশ ও বার্সা ডিফেন্ডার নিজের মুখেই বললেন, আগামী মাসের ইউরোতে তাঁর অংশগ্রহণ এক কথায় ‘অসম্ভব’। ১২ মে ডান হাঁটুতে অস্ত্রোপচার হবে পুয়োলের।কাল বার্সেলোনায় সংবাদ সম্মেলন করে ৩৪ বছর বয়সী পুয়োল নিজেই জানিয়েছেন তাঁর অবস্থা। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে তাঁর পক্ষে ইউরোতে খেলা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘সত্যি বলতে কী, এটা খুব খুব কঠিন হবে। অস্ত্রোপচারটা কেমন হয়, সেটা দেখার জন্য আমাকে অপেক্ষা করতে হবে।’ অস্ত্রোপচারের পর ছয় সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে পুয়োলকে। ফিটনেস ফিরে পাওয়ার জন্য কাজ করতে হবে। এদিকে ইঙ্গিত করেই সেন্টার ব্যাক বলেছেন আসল কথাটা, ‘ব্যাপারটা (ফিটনেস ফিরে পাওয়া) আমার কাছে অসম্ভবই মনে হচ্ছে। অস্ত্রোপচারের পর পুনর্বাসনের জন্যও সময় লাগে। আমি মনে করি, যারা ভালো অবস্থায় থাকবে, তাদেরই যাওয়া উচিত।’ইউরোতে স্পেনের প্রথম ম্যাচ ১০ জুন ইতালির বিপক্ষে। তবে ইউরোতে যেতে পারলেও এখনই জাতীয় দল ছাড়ছেন কি ছাড়ছেন না, সেটা পরিষ্কার করেননি বার্সেলোনা অধিনায়ক, ‘আমি বলছি না জাতীয় দল ছাড়ছি কি ছাড়ছি না। আমার কাছে অস্ত্রোপচারটাই এখন গুরুত্বপূর্ণ এবং পরেরটা পরেই দেখা যাবে। সিদ্ধান্তটা শুধুই আমার একার নয়।’দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে হারিয়ে একটু বিপদেই পড়ল স্পেন। কোচ দেল বস্ককে রক্ষণভাগ সাজাতে হচ্ছে নতুন করে। কোচকে এভাবে উদ্ধৃত করেছে স্পেনের ক্রীড়া দৈনিক এএস , ‘এটা হচ্ছে সবচেয়ে বাজে সংবাদগুলোর একটা। তবে আমাদের এটা নিয়েই কাজ করতে হবে এবং সমাধান খুঁজতে হবে। যদিও কাজটা সহজ হবে না।’২৭ মে ঘোষণা করা হবে ইউরোর মূল দল। এর আগে দেল বস্ক পুয়োলকে ভূষিত করলেন বিশেষণে, ‘পুয়োল হচ্ছে একজন টাইটান। তাঁর অনুপস্থিতির মানে হচ্ছে স্পেনের আত্মার একটা অংশ হারিয়ে ফেলা। আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি, যে কিনা মাঠ ও মাঠের বাইরে একটা উদাহরণ এবং মাঠ কিংবা প্রশিক্ষণ ক্যাম্পের মূল চাবিকাঠি।’ রয়টার্স।