ইউরোতে প্রথম হোঁচট খেল হল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপের রানার্স আপ। র‌্যাঙ্কিংয়েও চার নম্বরে। সেই হল্যান্ডই আজ ইউরো চ্যাম্পিয়নশিপের খেলায় হারল র‌্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা ডেনমার্কের কাছে।বি গ্রুপের নিজেদের প্রথম খেলায় ২৪ মিনিটেই এগিয়ে যায় ডেনমার্ক। অতিরিক্ত সময়সহ পরের প্রায় ৭০ মিনিটে কোনো গোল করতে পারেনি রোবেনরা। ফলাফল ১-০ গোলে হার। ডেনমার্কের পক্ষে গোলটি করেন মাইকেল ক্রোন।গোল শোধ করতে একেবারে মরিয়া হয়ে খেলেছে হল্যান্ড। কিন্তু বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি ডাচ ফুটবলাররা। ৩৬ মিনিটের মাথায় গোল শোধ করার চমৎকার একটি সুযোগ পেয়েছিলেন রোবেন। কিন্তু দুর্ভাগ্যবশত ডাচ উইঙ্গারের এই শটটি ফিরে আসে গোলবারে লেগে। কয়েক মিনিট পরে ২০ নম্বর জার্সিধারী ইব্রাহিম আফ্রিলে কিছুটা ফাঁকায় বল পেয়েছিলেন। একজন ডিফেন্ডারকে কাটিয়েছিলেন অসাধারণ দক্ষতায়। কিন্তু তার নেওয়া জোরালো শটটা চলে যায় গোলপোস্টের একটু উপর দিয়ে। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে আরেকটি গোলের সুযোগ নষ্ট করেছেন তারকা স্ট্রাইকার রবিন ভন পার্সি। এর পরে দ্বিতীয়ার্ধেও একই চিত্র। হল্যান্ডের পরের ম্যাচ জার্মানির বিপক্ষে।