ইউরোতে সমর্থকেরা যেন আপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকের উচ্ছৃঙ্খল আচরণ আর দাঙ্গাহাঙ্গামা ভালোই ঝামেলায় ফেলেছে ইউরোর দলগুলোকে। পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে কাচ-বোতল ছুড়ে মারায় ইতিমধ্যে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশনকে (ডিএফবি)। আরও বড় শাস্তি অপেক্ষা করছে। হল্যান্ড ম্যাচেও বিপুল উৎসাহে জার্মানির সমর্থকেরা একই কাণ্ড করায় নতুন শাস্তির মুখোমুখি হতে হচ্ছে জার্মানিকে। নতুন শাস্তিটা জানা যাবে ১৮ জুন। জার্মানি ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে দেরি করায় পর্তুগালকেও গুণতে হচ্ছে পাঁচ হাজার ইউরো জরিমানা।জরিমানা তো জরিমানা, রাশিয়া তো রীতিমতো পয়েন্ট খোয়ানোর হুমকির সামনে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে আতশবাজি জ্বালিয়ে তা নিক্ষেপ করে রুশ সমর্থকেরা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পোল্যান্ড সমর্থকদের সঙ্গে তো ‘যুদ্ধ’ই লেগে যায়। সবকিছু দেখে উয়েফা হুমকি দিয়ে রেখেছে, আজ গ্রিসের বিপক্ষেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে ২০১৬ ইউরোর বাছাইপর্বে রাশিয়ার ৬ পয়েন্ট কেটে নেওয়া হবে। টিকিটের হিসাবে ওয়ারশতে আজ রাশিয়ার ২০ হাজার সমর্থক গ্যালারিতে হাজির থাকার কথা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফোন করে ‘পূর্ণ দায়িত্ব’ নিয়ে সতর্ক ব্যবস্থা নিতে বলেছেন। স্থানীয় প্রশাসনও জানিয়েছে, পুলিশ বাহিনী প্রস্তুত। এএফপি।