ইউরোপ এবার জার্মানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ ২: বরুসিয়া ডর্টমুন্ড ০; দুই লেগ মিলে ডর্টমুন্ড ৪-৩ গোলে জয়ী বায়ার্ন মিউনিখ ৩: বার্সেলোনা ০; দুই লেগ মিলে বায়ার্ন ৭-০ গোলে জয়ী জানা ফলটাই হয়েছে। জার্মানি ২: স্পেন ০! প্রথম লেগে স্পেনের দুই দল যেভাবে হেরেছে, তাতে ফিরতি লেগে প্রয়োজন ছিল দুর্দান্ত প্রত্যাবর্তন। সেটা যে হয়নি, সেই খবর এখন পুরোনো। তবে এই ‘না-হওয়া’র মধ্যেও একটা পার্থক্য আছে। রিয়াল মাদ্রিদ মাথা উঁচু করে লড়াই করেছে। শেষ ১৫ মিনিট বরুসিয়া ডর্টমুন্ডকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল হোসে মরিনহোর দল। শেষ পর্যন্ত ‘একটুর জন্য’র আক্ষেপ নিয়ে বিদায় নিতে হয়েছে তাদের। ৮২ মিনিটে করিম বেনজেমা গোল করেছেন, ৮৮ মিনিটে সার্জিও রামোসকে দিয়ে করিয়েছেনও। আর একটা গোল পেলেই হয়ে যেত রিয়াল মাদ্রিদের। হলো না! সেই আক্ষেপ আরও বেড়েছে খেলার শুরুতেই তিন-তিনটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করায়। এর মধ্যে মেসুত ওজিল যেভাবে গোলরক্ষককে একা পেয়েও বাইরে মেরেছেন, সেটি রীতিমতো অবিশ্বাস্য। দুর্দান্ত দুটি সেভ করে দলকে লড়াইয়ে টিকিয়ে এবং ক্যাসিয়াস-ভাগ্যকে আরও সুতোর মধ্যে ঝুলিয়ে রাখা গোলরক্ষক ডিয়েগো লোপেজ যেমন আক্ষেপ করলেন, ‘আমাদের সামান্য ভাগ্যের ছোঁয়া দরকার ছিল, সেটাই পেলাম না!’রিয়ালের এই শেষ রক্তবিন্দু দিয়ে লড়ায় কোনো বিস্ময় নেই, যা আছে বার্সেলোনার অসহায় আত্মসমর্পণে। চোটমুক্ত মেসিকে মাঠেই না নামানোর মধ্যেই লুকিয়ে আছে বার্সার প্রতিচ্ছবি। এই ম্যাচ শুরুর বাঁশি বাজার আগেই আসলে শেষ বাঁশি বেজে গিয়েছিল। আগের রাতে জেরার্ড পিকে যতই বড় গলায় বলুন ‘কেউ পারলে সেটা আমরাই’; মাঠে বার্সার খেলায় এর কোনো ছাপ ছিল না। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে হারলেও রিয়াল সমর্থকেরা করতালি আর স্লোগানের বৃষ্টিতে ভিজিয়েছে দলকে। কিন্তু বার্সা সমর্থকদের সেই ‘সৌভাগ্য’টুকুও হলো না। মেসি তো নামেনইনি, একটা সময় জাভি-ইনিয়েস্তাকেও তুলে নেওয়া হলো। বার্সা-সাফল্যের তিন কারিগরই একসঙ্গে মাঠে নেই, ভাবা যায়!যে বার্সা নিজেদের মাঠে আগের ২১ ম্যাচে অপরাজিত, তারাই কিনা হারল ৩-০ গোলে! দুই লেগ মিলিয়ে ৭-০ গোলের পরাজয় বার্সার ইতিহাসে শোচনীয়তমও, যা কিছুদিন ধরে বাতাসে ভেসে বেড়ানো প্রশ্নটা আরও জোরালো করল—এটাই কি সেই সোনালি যুগের সমাপ্তি?ইউরোপীয় পর্যায়ে নকআউটে দুই লেগেই বার্সার সর্বশেষ পরাজয়টি ছিল সেই ১৯৮৭ সালে। এই সব পরিসংখ্যান, তথ্য-উপাত্তও বোঝাতে পারছে না আসলে বার্সার অসহায়ত্বটাকে। বার্সাকে অচল মুদ্রা বানিয়ে ফেলা ইয়ুপ হেইঙ্কেস যদিও ম্যাচ শেষে প্রতিপক্ষকে শ্রদ্ধাই জানিয়েছেন। যদিও তাঁর কথা শুনে মনে হতে পারে, ভদ্রতার চূড়ান্ত করছেন বায়ার্ন কোচ, ‘আমার কাছে বার্সা অসাধারণ একটা ক্লাব, মাঠে এবং মাঠের বাইরেও। এই দুটি ম্যাচেও তারা সেটা দেখিয়ে দিয়েছে।’ফুটবল-বোদ্ধারা কিন্তু মোটামুটি একমত, সময় এসেছে বার্সার খেলার ধরন নিয়ে নতুন করে ভাবার। যদিও ভিলানোভা অবশ্য একমত নন, ‘কোনো খেলোয়াড় পাল্টাতে হবে বলে আমি মনে করি না। আমাদের যেটা দরকার, চোটে আক্রান্ত খেলোয়াড়দের ফিরে পাওয়া। বায়ার্ন এখানে এসেছিল তাদের সব খেলোয়াড়কে নিয়ে। কিন্তু আমরা আমাদের কিছু সেরা খেলোয়াড়কে পাইনি। আমি এখনো মনে করি আমাদের দলটা ভালোই। আমি নিশ্চিত, আমাদের দলের শতভাগ খেলোয়াড় থাকলে আমরা অন্যভাবে লড়াই করতে পারতাম।’বার্সা কোচ আসলে তাঁর দুর্বল রক্ষণের দিকেই ইঙ্গিত করেছেন। যে রক্ষণে অধিনায়ক কার্লোস পুয়োলসহ বেশ কিছু খেলোয়াড় চোটের কারণে বাইরে। তারা থাকলে কী হতো বলা মুশকিল। তবে এখন যেটা নিশ্চিতভাবেই হচ্ছে—ইতিহাসের প্রথম সর্ব-জার্মান ফাইনাল। আগামী শনিবার বুন্দেসলিগার আপাত-অগুরুত্বপূর্ণ ম্যাচটা তাই হয়ে উঠছে মহাগুরুত্বপূর্ণ। এদিন যে ফাইনালের মহড়ায় মুখোমুখি দুই ফাইনালিস্ট! আরেকটা ব্যাপার নিশ্চিত, ২০০১ সালের পর ইউরোপ-সেরার ট্রফিটা আবার জার্মানিতেই যাচ্ছে। সেবার জিতেছিল বায়ার্ন, এবারও কি তারাই!চার বছরের মধ্যে এটি বায়ার্নের তৃতীয় ফাইনাল। আগের দুবার খালি হাতে ফেরা, বিশেষ করে গতবারের ফাইনালে চেলসির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার দুঃখটাই এবার বায়ার্নের ক্ষুধা এমন বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন হেইঙ্কেস। আর সেমিফাইনালের নায়ক আরিয়েন রোবেন সতীর্থদের সেই ক্ষুধাটা এখনই মিটিয়ে না ফেলার অনুরোধ জানিয়েছেন, ‘এখন আমাদের এটা জিততেই হবে।’ এএফপি, রয়টার্স।