ইউরোপ-যাত্রার আগে মুশফিক-পাইবাস
এক ঢিলে অনেক পাখি শিকারের সুযোগ এসে যাচ্ছে ইউরোপ সফরে। এখন শুধু ঠিকঠাকভাবে ঢিলটা ছুড়তে পারলেই হয়। ঠিকঠাকভাবে ঢিল ছুড়তে পারা মানে আয়ারল্যান্ডকে হারানো। সেটা পারলে হল্যান্ডে গিয়ে হল্যান্ড আর স্কটল্যান্ডকে হারানোটা সময়ের ব্যাপার ধরলেও ধরা যায়।সেই ‘ঢিল ছুড়তে’ মুশফিকুর রহিমের দল আজ সকাল ১০টায় লন্ডন হয়ে বেলফাস্টের উদ্দেশে ঢাকা ছাড়বে। এই সিরিজে আইরিশদের হারানো মানে বিদেশের মাটিতে দলটার ওপর পুরোনো ঝাল মেটানো। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্রবেশাধিকার। জিম্বাবুয়ে সফরের ব্যর্থতার জ্বালায় কিছুটা হলেও উপশম। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের পারদ ওপরে উঠিয়ে আনা। এক ঢিলে শিকার তো অনেকই হবে!অধিনায়ক মুশফিকুর রহিম খুব আশাবাদী, আয়ারল্যান্ডে এই অর্জনগুলো সম্ভব হবে। অতীত অভিজ্ঞতার জন্য আয়ারল্যান্ড-ভীতি হয়তো কিছুটা থাকবে। তার পরও মিরপুরে কাল সফর-পূর্ব সংবাদ সম্মেলনে আশার বীজ বুনলেন অধিনায়ক, ‘আগের তুলনায় গত দুই বছরে আমাদের দল অনেক শক্তিশালী। অনেক বছর ধরে আমরা একসঙ্গে খেলছি। তা ছাড়া এটা একটা সুযোগ আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড ঠিক করার। লক্ষ্য থাকবে পুরো সিরিজে ভালো খেলে জেতার। বিশ্বকাপের আগে আমরা টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলতে চাই।’সেরা খেলা খেলতে পারলে জিতব—যেকোনো সিরিজের আগেই বাংলাদেশ দলের অধিনায়কের মুখে কথাটা শোনা যায়। কাল মুশফিকও ব্যতিক্রম হলেন না, ‘সেরা খেলা খেলতে পারলে আয়ারল্যান্ডের বিপক্ষে জেতা খুব কঠিন হবে না।’ দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন এমন প্রতিশ্রুতিতে বড় আত্মবিশ্বাস জোগাচ্ছে মুশফিককে, কোচ রিচার্ড পাইবাসকেও। ‘দলে মূল খেলোয়াড়দের উপস্থিতি সব সময়ই ভালো। বিশ্রামটা তারও (সাকিব) দরকার ছিল মনে হয়। সে ফেরায় আমি খুশি এবং আশা করছি তামিমও দ্রুতই চোট কাটিয়ে উঠবে।’ মুশফিকের পাশে বসে বলছিলেন বাংলাদেশ কোচ।তবে মুশফিকের মতো সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডে যাচ্ছেন না পাইবাস। ভালো খেলার লক্ষ্য যেমন আছে, মনে রাখছেন প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ডের শক্তিমত্তাও, ‘গেম প্ল্যান অনুযায়ী খেলাটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে কি না, সেটা নিশ্চিত করতে হবে। আয়ারল্যান্ডের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ওরা বিপজ্জনক দল। ইংলিশ কাউন্টির খেলোয়াড়দের নিয়ে গড়া দল বলে তারা অনেক পেশাদার।’আয়ারল্যান্ডে গিয়ে ভয় যতটা না আইরিশ ক্রিকেটারদের নিয়ে, তার চেয়ে বেশি সেখানকার আবহাওয়া, উইকেট আর কন্ডিশনকে। তবে ১৮ জুলাই থেকে শুরু সিরিজ খেলতে সপ্তাহ খানেক আগে চলে যাওয়া, সেখানে গিয়ে একটি প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ—কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ার জন্য এগুলো যথেষ্ট মনে হচ্ছে অধিনায়কের কাছে। কিন্তু শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিই যদি হয়, আয়ারল্যান্ডের জল-হাওয়ায় খেলে আসলে কতটা উপকার পাওয়া যাবে? ‘যেহেতু এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ, আমাদের সুবিধাই হবে। বোর্ড আমাদের জন্য অনেক কিছু করছে। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেও আমাদের খেলার কথা ছিল না। ওনারা ব্যবস্থা করেছেন। এখন আয়ারল্যান্ডে যাচ্ছি। এই সুযোগটা কাজে লাগাতে হবে। টি-টোয়েন্টি ম্যাচ যত খেলবেন, ততই শিখবেন।’ সফরের উদ্দেশ্য একটু অন্যভাবে ব্যাখ্যা করলেন মুশফিক।বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক বিয়ে করেছেন সম্প্রতি, গতকাল ঢাকায় ছিল বিবাহোত্তর সংবর্ধনা। এ কারণে আজ দলের সঙ্গে যাচ্ছেন না। তিনি যাবেন ১৪ জুলাই। শেফ দ্য মিশন ও বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম এবং প্রধান নির্বাচক আকরাম খানও যাবেন একই ফ্লাইটে। ১৬ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলার পর আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ১৮, ২০ ও ২১ জুলাই। এরপর হল্যান্ডে গিয়ে ২৪ ও ২৫ জুলাই আরও দুটি টি-টোয়েন্টি ম্যাচ স্কটল্যান্ড ও স্বাগতিক হল্যান্ডের বিপক্ষে।