ইউরোপা ইয়ুথে যুক্তরাষ্ট্রের তিন খেলোয়াড়
বাংলাদেশের বাস্কেটবলে বিদেশি খেলোয়াড় এর আগেও এসেছেন। প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে খেলে গেছেন যুক্তরাষ্ট্র, আইভরিকোস্ট, ভারতের খেলোয়াড়েরা। এবারের লিগেও বর্তমান চ্যাম্পিয়ন ইউরোপা ইয়ুথের পক্ষে খেলতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের তিন খেলোয়াড়—জেরোম জেমস, চেয়ান্নি ডইন মুর ও ইভস কারভেনস সেইন্টেলো। এর মধ্যে জেরোম জেমসের নামটা আলাদা করে বলার মতো। যুক্তরাষ্ট্রের পেশাদার বাস্কেটবল লিগ এনবিএতে খেলেছেন অনেক দিন। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার জেমস গত মৌসুমে খেলেছেন পুয়ের্তো রিকোর ক্লাব ক্যাসিকুয়েস ডি হুমাকাওয়ের হয়ে। আসিয়ান বাস্কেটবল লিগে খেলা চেয়ান্নি ডইন মুর ইউরোপা ইয়ুথের পুরোনো খেলোয়াড়। গত মৌসুমেও খেলে গেছেন তিনি।ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে কালকের খেলায় ঈগলস ৩৭-৩১ পয়েন্টে হারিয়েছে ফ্লেম বয়েজকে। অন্য ম্যাচে ধূমকেতু ক্লাব ৭৬-৪৯ পয়েন্টে হারিয়েছে হরনেটস এসসিকে।