ইউরোপা কাপ অ্যাটলেটিকো মাদ্রিদের
মাঠের বাইরে দুই আর্জেন্টাইনের লড়াই ছিল। মাঠে ছিল দুই স্প্যানিশ ক্লাবের যুদ্ধ। সেই যুদ্ধে জয়ী ডিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো মাদ্রিদ। বুখারেস্টে ইউরোপা কাপের ফাইনালে মার্সেলো বিয়েলসার অ্যাটলেটিকো বিলবাও পরাজিত ৩-০ গোলে। কলম্বিয়ান ফুটবলার রাদামেল ফ্যালকাও প্রথমার্ধের দুটি দুর্দান্ত গোল করেই বিলবাওকে ঠেলে দিয়েছিলেন ব্যাকফুটে। শেষের দিকে ডিয়েগোর আরও একটি গোল কেবল বিলবাওয়ের দুঃখই বাড়িয়েছে। শুরু থেকেই বিলবাওয়ের ওপর চড়াও হয়ে খেলে যোগ্যতর দল হিসেবেই ইউরোপা কাপ জিতে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো বিলবাওকে দেখে মনে হয়েছে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনালে খেলার চাপই যেন নিঃশেষ করে দিয়েছে দলটির লড়াইয়ের সব শক্তি ও স্পৃহা।খেলার শুরু থেকেই বিলবাওকে চেপে ধরে মাদ্রিদ। প্রথম গোলটি আসে সাত মিনিটের মাথায়। মাঠের ডান উইংয়ে বল ধরে ফ্যালকাও ঢুকে পড়েন বক্সের মাথায়। দারুণ ড্রিবলিংয়ে জায়গা করে নিয়ে বা পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান। ৩৪ মিনিটে সেই ফ্যালকাওয়ের পা থেকেই আসে দ্বিতীয় গোল। এর আগে অবশ্য বিলবাও প্রাথমিক ধাক্কা সামলে একটু একটু করে নিজেদের ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছিল। কিন্তু দ্বিতীয় গোলটিই শেষ করে দেয় সবকিছু। ফ্যালকাও আরদা তুরানের পাস থেকে ফ্যালকাও বল পেয়ে যান গোলের একেবারে মুখে। কিন্তু সরাসরি গোলে শট না নিয়ে দারুণ কায়দায় বিলবাও ডিফেন্ডার জন অর্তেনেক্সটেজেকে ফাঁকি দেন তিনি। আবারও বল ডান পা থেকে বাঁ-পায়ে নিয়ে বোকা বানান বিলবাও গোলরক্ষক ইরাইজোজকে। এই দুটি গোল রাদামেল ফ্যালকাওকে নিয়ে যায় ইউরোপা কাপের সর্বোচ্চ গোলদাতার স্থানে। খেলার ৮৫ মিনিটের সময় ডিয়েগো গোলের ব্যবধান নিয়ে যান ৩-০-তে। অনেক নিচে বল পেয়ে ডিয়েগো বিলবাওয়ের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে ঠান্ডা মাথায়, সুন্দর শটে বল জালে ঠেলে দেন।খেলার শেষের দিকে ইবাইয়েরে শট ক্রসবারে লেগে প্রতিহত হলে বিলবাওয়ের ইউরোপা অভিযান শেষ হয় চোখের জলে। ২০১০ সালের পর দ্বিতীয় ইউরোপা শিরোপা জিতে অ্যাটলেটিকো মাদ্রিদের আনাচে-কানাচে বইয়ে দেয় আনন্দের হিল্লোল। রয়টার্স।