ইউরোপা লিগ জিততে চান রুনি
আগের চারবারের তিনবারই ফাইনাল খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায় এবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই। ওল্ড ট্রাফোর্ডের দলটিকে খেলতে হচ্ছে ইউরোপা লিগে, কোচ অ্যালেক্স ফার্গুসনের চোখে যেটি ‘নকআউট পর্বে না উঠতে পারার শাস্তি’। তবে নিয়তি মেনে ওয়েইন রুনির চোখ ইউরোপা লিগে। জিততে চান শিরোপা।গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাসেলের কাছে ২-১ গোলে পরাজয়ই ঠিক করে দেয় ম্যানইউকে খেলতে হবে ইউরোপা লিগে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ম্যানইউ-ই প্রথম দল, যারা আগের বারের ফাইনালিস্ট হয়েও ছিটকে পড়ল গ্রুপ পর্ব থেকেই। গত ১৭ বছরে ফার্গুসনের দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিল তৃতীয়বারের মতো। তবে ফার্গুসনের অধীনে ম্যানইউ ইউরোপা লিগ খেলছে এই প্রথম। ম্যানইউর হয়ে রুনিও তাই এবারই প্রথম খেলবেন ইউরোপা লিগে।প্রথম সুযোগেই রুনি জিততে চাইছেন শিরোপা। নিজে তো চাইছেনই, রুনির কথা, ইউরোপা লিগে শিরোপা জিততে চাইবেন ফার্গুসনও, ‘আমি মনে করি না, কোচ ইউরোপা লিগ জিতেছে। কাজেই আমি নিশ্চিত, সে এটা জিততে চাইবে। প্রতিটি প্রতিযোগিতাতেই আমরা নামি শিরোপা জিততে।’গ্রুপ পর্ব থেকেই বিদায়ের হতাশা আছে। তবে এই হতাশা জিইয়ে রাখতে নারাজ ইংল্যান্ডের ২৬ বছর বয়সী স্ট্রাইকার, ‘খারাপ লাগছে যে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছি। আমরা সবাই ওটা খেলতে চাই। দুর্ভাগ্যজনক, আমরা বাদ পড়েছি। এখন আমাদের মনোযোগটা প্রিমিয়ার লিগ এবং ইউরোপা লিগে ফেরাতে হবে।’ ওয়েবসাইট।