ইউরোপা লিগ সেভিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৬-০৭ মৌসুমের পর আবারও ইউরোপা লিগ শিরোপা জিতেছে সেভিয়া। ছবি: রয়টার্স
২০০৬-০৭ মৌসুমের পর আবারও ইউরোপা লিগ শিরোপা জিতেছে সেভিয়া। ছবি: রয়টার্স

ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমে চলছে স্প্যানিশ রাজত্ব। আর কিছুদিন পরেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও অ্যাটলেটিকো। তার আগে ইউরোপা লিগের শিরোপাও ঘরে তুলেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। জুভেন্টাস স্টেডিয়ামের উত্তেজনাপূর্ণ ফাইনালে পর্তুগালের ক্লাব বেনফিকাকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো ইউরোপা লিগ জিতেছে সেভিয়া।
১৯৬২ সালে শেষবারের মতো ইউরোপসেরা হয়েছিল বেনফিকা। ওই বছরই টাকা-পয়সা নিয়ে বনিবনা না হওয়ায় কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বেলা গুটম্যান। সঙ্গে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ইউরোপিয়ান কোনো শিরোপা জেতার জন্য বেনফিকাকে ১০০ বছর অপেক্ষা করতে হবে। গুটম্যানের এই অভিশাপ থেকে সত্যিই মুক্তি পায়নি বেনফিকা। ১৯৬২ সালের পর চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ মিলিয়ে মোট আটবার ফাইনালে খেললেও একবারও শিরোপা জয়ের স্বাদ পায়নি পর্তুগালের শীর্ষ এ ক্লাবটি। গতবারও ইউরোপা লিগের ফাইনালে গিয়ে তারা হেরেছিল চেলসির কাছে।
নির্ধারিত সময়ে সমানে সমানেই লড়েছিল বেনফিকা ও সেভিয়া। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিলেন দুই দলের খেলোয়াড়েরা। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি কেউই। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটও পেরিয়ে যায় গোলশূন্য অবস্থায়। শেষে নিজ দেশের গোলরক্ষকের কাছেই হার মানতে হয় বেনফিকাকে। টাইব্রেকারে দুইটি শট ঠেকিয়ে সেভিয়ার নায়ক পর্তুগিজ গোলরক্ষক বেতো। সেভিয়ার পক্ষে কেউই পেনাল্টি মিস করেননি। অন্যদিকে বেনফিকার পক্ষে গোল করতে পারেননি প্যারাগুয়ের স্ট্রাইকার অস্কার কারদোজো ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগো।