ইউরোপা লিগে দুর্দান্ত চেলসি
চ্যাম্পিয়নস লিগে কোনো ইংলিশ ক্লাব নেই। ইংলিশদের তাই আশা-আকাঙ্ক্ষা ইউরোপা লিগ ঘিরে। কিন্তু পরশু কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইংলিশ দলগুলোর কেটেছে মিশ্র অনুভূতিতে। জিতেছে চেলসি, ড্র করেছে টটেনহাম। নিউক্যাসল হেরে গেছে।ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও চেলসি বিদায় নেয় চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই। লন্ডনের ক্লাবটি সেই হতাশা কিছুটা হলেও মুছে ফেলতে চায় ইউরোপা লিগ জিতে। সেই লক্ষ্যে রাফায়েল বেনিতেজের দল এগোচ্ছে ভালোই। ফার্নান্দো তোরেসের জোড়া গোলে পরশু রুবিন কাজানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে চেলসি।টটেনহাম নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে বাসেলের সঙ্গে। এই হতাশার সঙ্গে স্পারদের জন্য দুঃসংবাদ ছিল আরও একটি। অ্যাংকেলে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছেন গ্যারেথ বেল। আগামী দুই ম্যাচ খেলতে পারবেন না এই মুহূর্তে বিশ্ব ক্লাব ফুটবলে সাড়া ফেলে দেওয়া উইঙ্গার। টটেনহামের জন্য সেমিফাইনালের পথটা হয়ে গেছে কঠিন। কারণ আগামী ১১ এপ্রিল ফিরতি লেগটি তাদের খেলতে হবে প্রতিপক্ষ বাসেলের মাঠে গিয়ে। তার ওপর সুইজারল্যান্ডের ওই ম্যাচ খেলতে পারবেন না বেল। এএফপি।নিউক্যাসলের সেমিফাইনালের আশা বলতে গেলে প্রায় শেষই। পরশু বেনফিকার মাঠ থেকে ৩-১ গোলে হেরে ফিরেছে তারা। চেলসি, বেনফিকার সঙ্গে সেমিতে এক পা দিয়ে রেখেছে ফেনেরবাচেও। নিজেদের মাঠে তুরস্কের ক্লাবটি ২-০ গোলে হারিয়েছে লাৎসিওকে।