ইউরোপা লিগে দৈত্যপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঙ্গিতটা দিয়েছিল প্রথম লেগই—ইউরোপা লিগের ‘শেষ ৩২’ রাউন্ডটি হতে যাচ্ছে অঘটনের রাউন্ড। হলোই তাই। শেষ ৩২ থেকেই বাদ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ, পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, চারবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন আয়াক্স এবং নাপোলি। বিপদের গন্ধ পাচ্ছিল গতবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী চেলসিও। শেষ বাঁশির আগের মুহূর্তে গোল করে চেলসিকে শেষ ষোলোতে তুলেছেন এডেন হ্যাজার্ড।টটেনহাম বেঁচেছে মুসা ডেম্বেলের ৯০ মিনিটের গোলে। অ্যাটলেটিকো নিজেদের ‘কবর’ খুঁড়েছিল নিজেদের মাঠে প্রথম লেগে ২-০ গোলে হেরে। পরশু রুবিন কাজানের মাঠে গিয়ে ফ্যালকাওয়ের গোলে জিতেও (১-০) তাই বাদ অ্যাটলেটিকো।লিভারপুলের হতাশাটা আরও বেশি, তারা বাদ ৩-১ গোলে জিতেও। প্রথম লেগে জেনিত সেন্ট পিটার্সবার্গ জিতেছিল ২-০-তে। পরশুও সেই জেনিতকেই এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্ক। পরে সুয়ারেজ-জাদুতে লিভারপুল নিজেদের মাঠে জেতে ৩-১ গোলে। দুই দিন আগে লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড বলেছেন, সুয়ারেজই এবার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার। অধিনায়কের কথাকে বাসি হতে দেননি সুয়ারেজ, করেছেন জোড়া গোল। দুটিই ফ্রি-কিক থেকে। দুই লেগ মিলিয়ে ৩-৩। জেনিতকে শেষ ষোলোয় নিয়ে গেছে হাল্কের অ্যাওয়ে গোলটিই।প্রথম লেগে স্পার্তা প্রাগের মাঠ থেকে ১-০ গোলে জিতে আসা চেলসি পরশু ১৭ মিনিটেই গোল খেয়ে বসে। কিন্তু ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে চেলসিকে ১-১ গোলের ড্র এনে দেন বদলি খেলোয়াড় হ্যাজার্ড। দুই লেগ মিলিয়েই শেষ ষোলোয় গেল চেলসি। প্রথম লেগে ২-১ গোলে জেতা টটেনহাম পরশু ডেম্বেলের গোলে ড্র (১-১) করেছে অলিম্পিক লিঁওর সঙ্গে। দুই লেগ মিলিয়ে ৩-২-এ জিতেছে স্পাররা।ভিক্টোরিয়া প্লজেন ২-০ গোলে উড়িয়ে দিয়েছে নাপোলিকে। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৫-০! তবে ইতালির আরেক ক্লাব ইন্টার মিলান দুই লেগ মিলিয়ে এই ৫-০-তেই হারিয়েছে রোমানিয়ান ক্লাব সিআরএফ ক্লুজকে। পরশু জিতেছে ৩-০ গোলে। আয়াক্সকে হারিয়ে শেষ ষোলোয় স্টুয়া বুখারেস্ট। এএফপি, রয়টার্স।