ইউরোপা লিগে লিভারপুল-ইন্টার
চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন না করতে পারলেও লিভারপুল ও ইন্টার মিলান ইউরোপা লিগে খেলছে। ইউরোপা লিগের বাছাইপর্বে জিতেছে দুই দলই, তবে হেরে বসেছে সিএসকেএ মস্কো। স্কটিশ ক্লাব হার্টসের মাঠে গিয়ে অল রেডরা আগের লেগ জিতেছিল ১-০ গোলে। অ্যানফিল্ডে তাই ড্র হলেই চলত। পুরো ম্যাচে ছড়ি ঘুরিয়েও ব্রেন্ডন রজার্সের দলকে সন্তুষ্ট থাকতে হয়েছে সেই ড্র নিয়েই (১-১)। ম্যাচের ৮৪ মিনিটে গোলরক্ষক রেইনার ভুলে পিছিয়ে পড়েছিল অল রেডরা। পরে লুইস সুয়ারেজ গোল করে দুই লেগ মিলে স্কোরটা দাঁড় করান ২-১-এ। রোমানিয়ান ক্লাব ভাসলুই সান সিরোতে ভালোই পরীক্ষা নিয়েছে ইন্টারের। ১০ জনের দল নিয়ে ইন্টার কোনোমতে ড্র করেছে ২-২ গোলে। তবে সমস্যা হয়নি, প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতে পরের রাউন্ডে ওঠা একরকম নিশ্চিতই করে রেখেছিল তারা। ২০০৫ সালে উয়েফা কাপ জেতা সিএসকেএ ০-২ গোলে হেরে গেছে সুইডিশ ক্লাব এজেকে সোলনার কাছে। রয়টার্স।