ইউরোপা লিগেও ‘সেই’ চেলসিই
ভুলে যাওয়ার মতো ইতিহাস নিয়ে ইউরোপা লিগে এসেছিল চেলসি। এর আগে কোনো বর্তমান চ্যাম্পিয়নই যে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েনি! চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতার মতো এবার ইউরোপা লিগেও চোখ রাঙাচ্ছে শেষ ষোলো থেকেই বাদ পড়ার লজ্জা। রোমানিয়ার স্টুয়া বুখারেস্টের কাছে হেরে বসেছে ১-০ গোলে। চেলসি পা হড়কালেও উড়ছে আরেক ইংলিশ ক্লাব টটেনহাম। ইন্টার মিলানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে এক পা দিয়েই রেখেছে। চেলসি ছাড়ার ঘোষণা দিয়ে রাফায়েল বেনিতেজের চাকরিটা এমনিতেই ঝুলে আছে সুতার ওপর। এই হারের পর সেটা আরও নড়বড়েই হয়ে পড়ল। প্রথমার্ধে পেনাল্টি থেকে সিপ্রিয়ান তাতারুসানুর গোলেই কপাল পোড়ে চেলসির। এখন সামনের লেগে জয় ছাড়া বিকল্প রইল না তাদের। আশার কথা, ফিরতি লেগটা স্টামফোর্ড ব্রিজে। এখন পর্যন্ত ইংল্যান্ডের মাঠে কখনোই জয় পায়নি রোমানিয়ার ক্লাবটি। সেটা জেনেই হয়তো বড় গলায় জয়ের কথা বলতে পারছেন বেনিতেজ, ‘সামনের সপ্তাহে আমাদের স্টামফোর্ড ব্রিজে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস রাখতে হবে। নিজেদের সেরাটাই ঢেলে দিতে হবে আমাদের।’ক্যারিয়ারের সেরা সময়টাই কাটাচ্ছেন গ্যারেথ বেল। গত নয় ম্যাচের গোল পাননি কেবল একটিতে। ২০১০ সালে সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। সেই ইন্টারের বিপক্ষে এই উইঙ্গার এবারও যথারীতি দুর্বার। এবার আর গোলার মতো শটে নয়, গোল করেছেন দুর্দান্ত হেডে। ম্যাচ শেষে বেলের আনন্দটা অবশ্য ফিকে হয়ে গেছে, নিষেধাজ্ঞার খড়্গে সামনের ম্যাচে যে দর্শক হয়েই থাকতে হবে! সিগুর্ডসন ও ভার্তোঙ্গেন করেছেন অন্য দুটি গোল। টটেনহাম কতটা ভালো খেলছে সেটা ইন্টার কোচ আন্দ্রেয়া স্ত্রামাৎচনির কথাতেই পরিষ্কার, ‘তারা সম্ভবত মৌসুমে নিজেদের সেরা সময়টা এখন কাটাচ্ছে।’নিউক্যাসলের দলটাকে দেখে আপনি ধন্দে পড়ে যেতেই পারেন। সাত-সাতজন ফ্রান্সের খেলোয়াড় থাকলে এটাকে ফরাসি দল বলে ভুল করাটাই স্বাভাবিক! রাশিয়ার আনঝি মাখাচকালার মাঠে গিয়ে অবশ্য গোলশূন্য ড্র করে এসেছে নিউক্যাসল। আরেক রাশিয়ান ক্লাব জেনিত সুইস ক্লাব বাসেলের কাছে হেরেই গেছে ২-০ গোলে। এএফপি, ওয়েবসাইট।