ইউরোপায় ইংলিশ আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম লেগে টটেনহামের কাছে ৩-০ গোলে হেরে আসা ইন্টার মিলানকে জিততে হতো ৪ গোলের ব্যবধানে। নিজেদের মাঠ সান সিরোতে বড় জয়ই পেল তারা। জিতল ৪-১ গোলে। কিন্তু টটেনহামের এই একটা গোলই কপাল পুড়িয়েছে নেরাজ্জুরিদের। টটেনহামের মতো আরেক ইংলিশ ক্লাব চেলসিও উঠে গেল ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে। এ ক্ষেত্রে চেলসি ঘটিয়েছে দুর্দান্ত প্রত্যাবর্তন। স্টুয়া বুখারেস্টের কাছে প্রথম লেগে ১-০ গোলে হেরে আসা চেলসি পরশু দ্বিতীয় লেগে জিতেছে ৩-১ গোলে। চ্যাম্পিয়নস লিগ ইংল্যান্ডের জন্য এবার কেবল হতাশারই নাম। ইউরোপের কুলীন এই লিগের শেষ আটে নেই ইংল্যান্ডের একটি ক্লাবও। ইউরোপা লিগের অতটা জৌলুশ হয়তো নেই, তার পরও ইউরোপিয়ান প্রতিযোগিতা বলে কথা। ইংল্যান্ডের ঝান্ডাটা এখানে উঁচু করে ধরে রাখবে বলেই যেন পণ করেছিল দলগুলো। চেলসি ও টটেনহামের পাশাপাশি নিউক্যাসলও উঠে গেছে শেষ আটে। তবে আরেকটু হলেই ইন্টার মিলান সব হিসাব উল্টে দিত। কাসানো, প্যালাসিও ও গালাসের আত্মঘাতী গোলে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার। শেষ মুহূর্তে ক্যাম্বিয়াসো সুযোগ কাজে লাগাতে পারলে লেখা হয়ে যেত আরেকটি ইতালিয়ান রূপকথার। সেটা হয়নি, উল্টো অতিরিক্ত সময়ে আদেবায়োরের গোলে ৪-১ করে ফেলে টটেনহাম। এই অ্যাওয়ে গোলই শেষ পর্যন্ত ভাগ্য গড়ে দেয় ম্যাচের। টটেনহামের ফর্মে থাকা উইঙ্গার গ্যারেথ বেল অবশ্য নিষেধাজ্ঞার জন্য মাঠে নামতে পারেননি। স্পার কোচ ভিলাস বোয়াসের কণ্ঠে আনন্দের চেয়ে তাই স্বস্তিটাই ছিল বেশি।চেলসিকেও চোখ রাঙাচ্ছিল বাদ পড়ার লজ্জা। মাতার গোলে এগিয়ে যাওয়া চেলসির সঙ্গে স্টুয়া বুখারেস্ট সমতাই এনে ফেলেছিল বিরতির ঠিক আগে। টেরির গোলে আবার এগিয়ে যায় চেলসি। তোরেসের মহামূল্যবান গোলটি তাদের দেয় শেষ আটের টিকিট।পেট্রোডলারের কল্যাণে ফুলেফেঁপে ওঠা রাশিয়ান ক্লাবগুলো এই রাতটাকে ভুলেই যেতে চাইবে। আনঝি মাখাচকালা নিউক্যাসলের কাছে ১-০ গোলে হেরে গেছে। নিজেদের মাঠে বাসেলকে ১-০ গোলে হারিয়েও বাদ পড়েছে জেনিত সেন্ট পিটার্সবার্গ (সামগ্রিক স্কোর ২-১)। রুবিন কাজানই এখন রাশিয়ার একমাত্র প্রতিনিধি, লেভান্তেকে হারিয়েছে তারা। লিবর কোজাকের হ্যাটট্রিকে লাৎসিও ৩-১ গোলে হারিয়েছে স্টুটগার্টকে। ইউরোপা লিগের শেষ আটে নেই স্পেনের কোনো ক্লাব! এএফপি, রয়টার্স।