ইউরোপায় পর্তুগিজ ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফসি পোর্তো এবং স্পোর্টিং ডি ব্রাহা—দুটি ক্লাবই উত্তর পর্তুগালের খুব কাছাকাছি এলাকার। তবে ক্লাব দুটির খেলায় এই নৈকট্যের এতটুকু ছাপ নেই। খেলার ধরন একেবারেই আলাদা। আজ ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে পর্তুগালের এই দুটি ক্লাব—পোর্তো ও ব্রাহা। ডাবলিনে ইতিহাসের প্রথম ‘অল-পর্তুগিজ’ ফাইনালে তাই ভিন্ন স্বাদের আভাস।কাছাকাছি শহরের ক্লাব বলে পোর্তো-ব্রাহার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বিতার গন্ধ আছে। দুটি ক্লাবই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ফাইনালে উঠেছে। তবু খেলার স্টাইল, শক্তি-সামর্থ্য বিবেচনায় পোর্তোই এক ধাপ এগিয়ে। এরই মধ্যে একবার তারা ইউরোপা লিগ শিরোপার স্বাদ পেয়েছে। চ্যাম্পিয়নস লিগ জিতেছে দুবার। আর ব্রাহা ইউরোপা লিগের ফাইনাল খেলছে এই প্রথম।আজকের ফাইনালে মুখোমুখি হওয়ার আগে পোর্তো লিগ শিরোপা জিতেছে অপরাজিত থাকার রেকর্ড গড়ে। সেখানে ব্রাহা লিগ শেষ করেছে চতুর্থ স্থানে থেকে। পোর্তোকে ফেবারিট ভাবার আরেক কারণ, তাদের ডাগআউট যে আছেন নতুন ‘স্পেশাল ওয়ান’।পোর্তোর কোচ আন্দ্রে ভিলাস বোয়াস ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহোর সহকারী হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। পোর্তো, চেলসি, ইন্টার মিলানে মরিনহোর সঙ্গেই ছিলেন। পোর্তোতে মরিনহোর সঙ্গে জিতেছিলেন ইউরোপা লিগ ও চ্যাম্পিয়নস লিগও। ফলে শিরোপা কেমন করে জিততে হয়, পোর্তোর বর্তমান কোচের খুব ভালো জানা। তার প্রমাণও দিলেন দায়িত্ব নেওয়ার প্রথম বছরেই দলকে লিগ চ্যাম্পিয়ন এবং ইউরোপা লিগের ফাইনালে তুলে। লিগ জেতায় আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্রও পেয়েছে পোর্তো।৩৩ বছর বয়সী ভিলাস নতুন ‘স্পেশাল ওয়ান’ খেতাবও পেয়ে গেছেন এরই মধ্যে। পোর্তোর খেলায় নিয়ে এসেছেন আক্রমণাত্মক ধরন। নিজেদের এই ধরনের প্রতি আস্থা রেখেই ভিলাসের দৃষ্টি শিরোপার দিকে, ‘আমরা মৌসুমটা সুন্দরভাবে শেষ করতে চাই। খেলার ধরনের জন্য আমাদের হয়তো খেসারত দিতে হতে পারে। কিন্তু আমরা ধরনটা বদলাব না।’ ভিলাস আশাবাদী, ফাইনালটাও হবে দারুণ উপভোগ্য।পোর্তোর আরও আছে একজন রাদামেল ফ্যালকাও, একজন হালক। কলম্বিয়ান স্ট্রাইকার ফ্যালকাও এরই মধ্যে ইউরোপা লিগে গড়েছেন এক মৌসুমে সর্বোচ্চ গোলের (১৬টি) নতুন রেকর্ড। ব্রাজিলিয়ান তারকা হালক মাঝমাঠে দিয়েছেন পূর্ণতা।এত দূর এসে ব্রাহাও ছেড়ে কথা বলবে কেন! কোচ ডমিঙ্গোস শিরোপাটা আরও বেশি করে চাইছেন, কারণ ব্রাহায় আজই তাঁর শেষ ম্যাচ। বিদায়ী ম্যাচের আগে ডমিঙ্গোস বলছেন, ‘আমরা ভালো করেই জানি, আমাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী। কিন্তু আগেও আমরা প্রমাণ করেছি, প্রতিপক্ষ যে-ই হোক, আমরা জিততে সক্ষম।’পোর্তো, ব্রাহা যারাই জিতুক, জয়টা হবে পর্তুগালের ফুটবলের। পর্তুগালের ক্লাবগুলোর ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে খেলা হয় খুব কমই। এর কারণ, অর্থনৈতিকভাবে দুর্বল পর্তুগালের শীর্ষস্থানীয় প্রতিভাবান খেলোয়াড়েরা পাড়ি জমান ইংল্যান্ড-স্পেন-ইতালির বড় লিগগুলোতে। এবারের ইউরোপা লিগের অল-পর্তুগিজ ফাইনালকে তাই পর্তুগাল দেখছে তাদের ফুটবলের নতুন স্বর্ণযুগের সূচনা হিসেবে। এবারের সেমিফাইনালেও যেমন তিনটি দলই ছিল পর্তুগালের।পর্তুগিজ লিগের প্রধান ফার্নান্দো গোমেজ যেমন বলছেন, ‘শীর্ষ পর্যায়ে এই সাফল্য পর্তুগিজ দলগুলোর জন্য অসাধারণ মৌসুমের প্রমাণ। এতেই বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ফুটবল কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সম্ভবত এ থেকে আমরা সবাই সঠিক বার্তাটিই পেয়েছি।’ এএফপি, রয়টার্স।