ইউরোপীয় ডিফেন্সে অসহায় নেইমার
ব্রাজিলে সুখেই আছেন—বরাবরই এমন দাবি করে আসছেন নেইমার। ১১টি স্পনসরশিপ লোভনীয় চুক্তি, দেশের মানুষের নয়নমণি, বাড়ির পাশেই অবারিত সমুদ্রসৈকত—নেইমারের সুখী না হওয়ার আসলেই কোনো কারণ নেই! ব্রাজিলিয়ান লিগে নেইমারই সেরা, এটাও একবাক্যে মেনে নিয়েছেন সবাই। ইউরোপীয় ক্লাবগুলোর হাতছানি উপেক্ষা করে সান্তোসেই থেকে যাওয়াটা তাঁর দেশপ্রেম ও ব্রাজিলের ক্রমশ সমৃদ্ধ অর্থনীতির প্রমাণ হিসেবেও উল্লেখিত হয় বারবার। কিন্তু প্রশ্ন উঠছে, এটাই কি ফুটবলার হিসেবে নেইমারের আরও পরিণত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে?গত পরশু ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে নিষপ্রভ হয়ে থাকার পর আরও বড় হয়ে উঠেছে প্রশ্নটা। ইউরোপিয়ান ডিফেন্সের বিপক্ষে তাঁর অনভিজ্ঞতা আবারও স্পষ্ট হয়ে উঠেছে এই ম্যাচে। দু-একবার ড্রিবল করেছেন, ছিটকে বেরোনোর চেষ্টাও করেছেন। কিন্তু তা এমন কিছু ছিল না যে দেখে বোঝা যাবে, কেন তাঁকে ব্রাজিলিয়ান কিংবদন্তিদের উত্তরসূরি মনে করা হয়। প্রথমার্ধে দুটি ভালো সুযোগও নষ্ট করেছেন।নেইমারের প্রতিভা নিয়ে সংশয় নেই কারও। বল নিয়ে কারিকুরি করতেও ওস্তাদ। ব্র্রাজিলে প্রতিপক্ষ খেলোয়াড়দের নিয়মিত অপদস্থও হতে হয় তাঁর সামনে। সম্প্রতি বোটাফোগোর বিপক্ষে ম্যাচে আয়েশি ভঙ্গিতে নুনেজের মাথার ওপর দিয়ে বল তুলে দেওয়ার পর নুনেজ ক্ষোভে ফেটে পড়েন, ‘আমি একটা ব্যাপার কখনোই সহ্য করতে পারি না। সেটা হলো, কাউকে তাচ্ছিল্য করা। নেইমার সেটাই করছে।’ এমন অভিযোগকে অবশ্য থোড়াই কেয়ার করেছেন নেইমার। বল নিয়ে সবকিছু করার স্বাধীনতা তো তাঁর আছেই! কিন্তু ব্রাজিলের পেলব গণ্ডি থেকে আন্তর্জাতিক আঙিনার পাথুরে চত্বরে পা দিলেই যেন জড়ভড়ত হয়ে পড়েন সান্তোস স্ট্রাইকার। এই ওয়েম্বলিতেই মেক্সিকোর সঙ্গে অলিম্পিকের ম্যাচে নেইমারকে খুঁজে পাওয়া যায়নি। বার্সেলোনার সঙ্গে ক্লাব বিশ্বকাপ ফাইনালেও হয়ে ছিলেন নিজের ছায়া। কারণও আছে। ব্রাজিলিয়ান লিগে ফরোয়ার্ডরা অনেক জায়গা পান। শরীরে শরীর লাগলেই রেফারি বাজিয়ে দেন ফ্রি-কিকের বাঁশি, যে কারণে ব্রাজিলের সীমানা পেরোলেই নেইমারকে শারীরিকভাবে খুব দুর্বল মনে হয়।ঠিক এ কারণেই নেইমারের ইউরোপে যাওয়ার বিকল্প দেখছেন না ব্রাজিলিয়ান কলামিস্ট রবসন মোরেলি, ‘নেইমারের এখন বিশ্ব ফুটবলের বড় মঞ্চে নিজেকে মেলে ধরার সময় এসেছে। আমরা সবাই তো জানিই, ব্রাজিলে সে-ই সেরা। সান্তোসের হয়ে খেলে ব্রাগানতিনো ও ইতুয়ানোর মতো ক্লারের সঙ্গে খেললে সে কখনোই বুঝতে পারবে না, ইউরোপিয়ান খেলোয়াড়দের মুখোমুখি হওয়াটা কেমন।’ রয়টার্স।