ইউরোপে অঘটনের রাত
লিগ ও কাপ মিলিয়ে আগের পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরশু লিগ কাপের সেমিফাইনাল জিতেও পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো ইউনাইটেড সমর্থকদের। দ্বিতীয় লেগে ২-১ গোলের ইউনাইটেডের জয় সামগ্রিক ফলাফলে এনেছিল ৩-৩ গোলে সমতা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ২-১ গোলে জিতে ফাইনালে উঠে গেছে সান্ডারল্যান্ড। ১৯৯২ সালের পর এই প্রথম তারা বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল। ২ মার্চের ফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। ইউনাইটেডের বিদায়ের দিনে ইতালিয়ান এবং ফ্রেঞ্চ কাপও দেখেছে অঘটন। উদিনেসে হারিয়েছে সিডর্ফের মিলানকে, পিএসজিকে মঁপেলিয়ে।
ঘরের মাঠে ইভান্সের গোলে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। ৩৭ মিনিটে তাঁর গোলই ম্যাচের ১১৮ মিনিট পর্যন্ত ফাইনালের স্বপ্ন দেখাচ্ছিল ইউনাইটেডকে। কিন্তু অতিরিক্ত সময়ের শেষের আগের মিনিটে গোল পরিশোধ করে বসেন বার্ডসলি। ওল্ড ট্রাফোর্ডের স্তব্ধ গ্যালারি আবার চাঙা হয়ে ওঠে যোগ হওয়া সময়ে হার্নান্দেজের গোলে। কিন্তু টাইব্রেকারে শেষ রক্ষা হয়নি ইউনাইটেডের। অবশ্য চোট থাকায় এ ম্যাচেও খেলেননি ওয়েইন রুনি ও রবিন ফন পার্সি।
মিলানে জয় দিয়েই অভিষেক হয়েছিল কোচ ক্ল্যারেন্স সিডর্ফের। লিগে লিভর্নোর বিপক্ষে সেই জয়ের পর পরশু উদিনেসের বিপক্ষে পরাজয়ের (২-১) তেতো স্বাদও পেলেন সিডর্ফ। এই ব্যবধানে ফ্রেঞ্চ কাপে মঁপেলিয়ের বিপক্ষে হেরেছে পিএসজি। এই পরাজয়ে ঘরের মাঠে ২০১২ সাল থেকে অপরাজিত থাকার রেকর্ড ক্ষুণ্ন হলো লিগের শীর্ষস্থানধারীদের। মোনাকো শাসালেইর বিপক্ষে বড় ব্যবধানে (৩-০) জিতলেও সেই জয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে দলের তারকা স্ট্রাইকার ফ্যালকাওর চোট। এএফপি, ওয়েবসাইট।