ইউরোপে খেলে জিএম হওয়ার স্বপ্ন

ফ্রান্স, হাঙ্গেরি, বুলগেরিয়া, নরওয়ে, পর্তুগাল, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র—গত এক বছরে ইউরোপের এই দেশগুলোতে ১০টি টুর্নামেন্টে খেলেছেন। কোনো বাংলাদেশি দাবাড়ুর জন্য ইউরোপে এভাবে টানা টুর্নামেন্ট খেলার স্বপ্ন দেখতেও সাহস লাগে। কিন্তু বাস্তবে সেটাই করে দেখিয়েছেন বাংলাদেশের দ্বিতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা।
বাংলাদেশ থেকে গিয়ে ঘন ঘন ইউরোপের কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া শুধু কষ্টসাধ্যই নয়, ব্যয়বহুলও। কিন্তু শামীমা এটি করতে পারছেন স্বামী মোহাম্মদ আলীর সৌজন্যে।
বছর চারেক আগে ঢাকার মোহাম্মদপুরের যুবকের সঙ্গে বিয়ে হয় নারায়ণগঞ্জের দাবাড়ু শামীমার। ক্রীড়াপ্রেমী মোহাম্মদ আলী বিয়ের পরই একটি বিদেশি টেলিকমিউনিকেশনস কোম্পানিতে চাকরি নিয়ে পর্তুগালে চলে যান। গত বছর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ফ্রান্সের কানে জিএম টুর্নামেন্টে খেলতে যান শামীমা। সেখান থেকে হাঙ্গেরির বুদাপেস্টে আরেকটি টুর্নামেন্টে খেলে লিসবনে স্বামীর সংসারের হাল ধরেন। গত বছর আগস্টে নরওয়েতে দাবা অলিম্পিয়াডে খেলে দেশে ফিরেছিলেন। তিন মাস নারায়ণগঞ্জে কাটিয়ে নভেম্বরে ফিরে যান পর্তুগালে। সর্বশেষ এশিয়ান জোনাল দাবার ৩.২ অঞ্চলের খেলায় অংশ নিতে লিসবন থেকে সরাসরি গিয়েছিলেন কাঠমান্ডুতে। দ্বিতীয়বারের মতো জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে সম্প্রতি ফিরেছেন বাংলাদেশে। কিন্তু মাঝের সময়গুলোতে নিয়মিতই খেলেছেন ইউরোপের বিভিন্ন টুর্নামেন্টে।
হঠাৎ এভাবে পর্তুগালে চলে যাওয়া, কোনো ঘরোয়া টুর্নামেন্টে অংশ না নেওয়ায় দাবা অঙ্গনে গুঞ্জন ছিল, খেলা ছেড়ে দিচ্ছেন শামীমা। প্রসঙ্গটা তুলতেই জোর প্রতিবাদ করলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার, ‘কেন খেলা ছাড়তে যাব? আমার স্বামী প্রচণ্ড খেলাপাগল মানুষ। ওর উৎসাহেই ইউরোপে এত টুর্নামেন্টে খেলতে পেরেছি।’
কিন্তু ইউরোপে খেলতে তো খরচ অনেক। সেই খরচ তো ফেডারেশন বহন করে না! শামীমার কণ্ঠে হতাশা, ‘সব টুর্নামেন্টই খেলেছি নিজের খরচে। বাংলাদেশ থেকে ইউরোপের ট্যুরগুলো অনেক ব্যয়বহুল। সেই তুলনায় ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে খরচ কম। তার পরও প্রতিটি টুর্নামেন্টে খেলতে কমপক্ষে ১ লাখ করে টাকা লেগেছে। মধ্যবিত্ত পরিবারের জন্য এটা অনেক।’ ইউরোপে খেলার ব্যয় লাঘব করতে তাই দেশে ফিরেই পৃষ্ঠপোষক খুঁজছেন মধ্যবিত্ত পরিবারের মেয়েটি, ‘আমি স্পনসর খুঁজছি। একটা ভালো মানের স্পনসর পেলে এর চেয়েও বড় মাপের টুর্নামেন্টে বেশি করে খেলতে পারব।’ ফেডারেশন থেকে চেয়েও কোনো সহযোগিতা পাননি শামীমা, ‘সত্যি বলতে প্রতিটি টুর্নামেন্টে খেলার আগে ফেডারেশনে যোগাযোগ করেছি। মেইল করেছি। কিন্তু তারা কোনো সহযোগিতা করেনি।’
এসব টুর্নামেন্টে খেলে কতটা লাভ হচ্ছে আসলে শামীমার? লাভ তো গজ-ফিতায় মেপে দেখার বিষয় নয়। তাঁর কাছে বড় প্রাপ্তিটা হলো আত্মবিশ্বাস, ‘আমার কোনো কোচ নেই। ওইখানে খেলার পর আত্মবিশ্বাস অনেক বেড়েছে। খেলার মানও বেড়েছে। বিশ্ব দাবা কত বড় তা বাংলাদেশে থেকে এত দিন কিছুই বুঝতে পারিনি।’
শামীমা এখন স্বপ্ন দেখেন দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার (জিএম) হওয়ার, ‘আমি গত ১০ বছরে সেভাবে কিছুই করতে পারিনি। কিন্তু ইউরোপে যেভাবে খেলছি হয়তো আগামী ২ বছরের মধ্যে জিএম হতে পারব। ওই আত্মবিশ্বাসটা আমার মধ্যে ঢুকে গেছে।’
শামীমার মধ্যে আত্মবিশ্বাস জেগেছে। সেই আত্মবিশ্বাসে জ্বালানি জোগাবে আর্থিক পৃষ্ঠপোষণা। তাহলেই হয়তো শামীমার মধ্যে প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টারকে পাবে বাংলাদেশ।