ইউরোপে তাকাচ্ছেন ডালগ্লিস
টানা দুই ম্যাচে জয় পেল কেনি ডালগ্লিসের লিভারপুল। ‘অল রেড’দের চরম দুঃসময়ে এটি একটা সাফল্য। তবে বড় ব্যাপারটি কিন্তু সহজে ঘটেনি কিংবা এই জয়ে লিভারপুল খেলোয়াড়দের খুব বেশি কৃতিত্বও নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে পাওয়া ১-০ গোলের জয়টি পান্টসিলের আত্মঘাতী গোলে, ভাগ্যের ছোঁয়ায়।জয় যেভাবেই আসুক, লিভারপুল কিংবদন্তি ডালগ্লিসের চোখে তা এঁকে দিয়েছে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সুযোগ করে নেওয়ার স্বপ্ন। পথের দিশা খুঁজে পেতেই ডেকে আনা হয়েছে ডালগ্লিসকে। রয় হজসনের ছেড়ে যাওয়া চেয়ারে বসে প্রথম ম্যাচেই এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হার দেখেছেন ডালগ্লিস। তবে প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে আগের ম্যাচ জেতার পর এ ম্যাচটিও জিতে যেন জয়ের ধারায় ফিরলেন নতুন কোচ। শিরোপা লড়াইয়ে ফেরা সম্ভব নয়। যে আশাটা টিকে আছে সেটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া। ডালগ্লিস সেই আশাটাই দেখছেন। ‘খুব আনন্দ হচ্ছে। এবার ইউরোপিয়ান প্রতিযোগিতা নিয়ে ভাবতে পারি আমরা’—বলেছেন তিনি।২৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগে জায়গা করে নিতে হলে ধারাবাহিক জয় পেতে হবে তাদের। এখনো যে শীর্ষে থাকা ম্যানইউর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৯। পঞ্চম স্থানে থাকা টটেনহামের সঙ্গে পার্থক্য ৬। এএফপি।