ইউরোপে বড় ম্যাচের দিন
ইশ্, এখন যদি বার্সেলোনার সঙ্গে ম্যাচ পড়ত! রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস যেন মাথার চুল ছিঁড়ছেন।কিন্তু কথা হলো, রামোস এখনই কেন বার্সেলোনার সঙ্গে খেলতে চাইছেন। কারণটা স্পষ্ট, সর্বশেষ ৫ ম্যাচে ১৯ গোল করা রিয়াল রয়েছে ফর্মের তুঙ্গে। আর বার্সেলোনার ঠিক বিপরীত চিত্র। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সময়টা ভালো যাচ্ছে না মোটেই। সেই অন্যগ্রহের ফুটবল, জাদুকরি পাস আর আক্রমণাত্মক মেজাজ—একটু যেন ধূসর ধূসর লাগছে গত কয়েকটা ম্যাচে। গোল তাদের কাছে সোনার হরিণ হয়ে উঠেছে।বিপরীত এই অবস্থা নিয়েই আজ স্প্যানিশ লিগের দশম রাউন্ডের লড়াইয়ে নামছে রিয়াল ও বার্সা। নিজেদের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল মায়োর্কা। আর রিয়াল মাদ্রিদ খেলতে যাবে রিয়াল সোসিয়েদাদের মাঠে। এ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়েরা আত্মবিশ্বাসে টইটম্বুর। রামোসের কথায়ও তারই প্রতিধ্বনি, ‘আমাদের খেলোয়াড়দের সবাইকে সেরা ফর্মে দেখছি আমি।’ স্পেনের মতো অবস্থা ইতালিতেও। সিরি ‘আ’তে আজ মাঠে নামছে শিরোপাপ্রত্যাশী দুই দল এসি ও ইন্টার মিলান। এ ম্যাচে দুই দলের দুই রকমের মিশন—এসি মিলান চাইবে জয়ের ধারা ধরে রাখতে, ইন্টারের অভিযান জয়ে ফেরার। এই লক্ষ্য নিয়ে ইন্টার নিজেদের মাঠে খেলবে জুভেন্টাসের বিপক্ষে। আর এসি মিলান যাচ্ছে এএস রোমার মাঠে।বড় ম্যাচ আছে আজ ইংল্যান্ডেও। মুখোমুখি লন্ডনের দুই ক্লাব চেলসি ও আর্সেনাল। এ ম্যাচে জয়ের জন্য মরিয়া দুই দলই। শিরোপা লড়াইয়ে থাকলেও পয়েন্ট তালিকায় চেলসি রয়েছে তিনে। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট ‘ব্লু’দের। আর্সেনাল আপাতত পয়েন্ট তালিকায় ৭ নম্বরে। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট ‘গানার’দের। এ ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ে আরও ভালোভাবে যুক্ত হতে চায় উত্তর লন্ডনের ক্লাবটি। এএফপি।