ইউরোপে স্প্যানিশ দাপট
ইউরোপিয়ান ফুটবলে স্প্যানিশ আধিপত্য জাঁকিয়ে বসল আরও। লা লিগাই যে এখন বিশ্বের সেরা লিগ সেটারই আরেকটি প্রমাণ দিয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে জায়গা করে নিল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের তিনটি দল। যে দলগুলো লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কাছে পাত্তাই পায় না সেই ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও উঠে গেছে শেষ চারে। সেমিতে জায়গা করে নিয়েছে প্রতিবেশী পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনও। সেমিফাইনালটা তাই ‘আইবেরিয়ান সেমিফাইনাল’। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ—ইউরোপ-শ্রেষ্ঠত্বের দুই প্রতিযোগিতাই সম্ভাবনা জাগিয়েছে অল স্প্যানিশ ফাইনালের। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো নামী দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া বিলবাও পেছনে ফেলেছে জার্মানির শালকেকে। প্রথম লেগে জার্মানি গিয়ে শালকেকে ৪-২ গোলে হারিয়ে আসা বাস্ক ক্লাব ঘরের মাঠে পরশু ড্র করেছে ২-২ গোলে। দু্ই লেগ মিলিয়ে ৬-৪ গোলে জয়। যে দুজনকে ভয় পাচ্ছিল বিলবাও, সেই হান্টেলার ও রাউল দু-দুবার শালকেকে এগিয়ে নিয়েও জেতাতে পারেননি। গোমেজ ও সুয়েস্তার গোলে দুবারই সমতা আনে স্বাগতিকেরা। হ্যানোভারের বিপক্ষে প্রথম লেগের মতো একই ব্যবধানে (২-১) জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার অবশ্য জার্মানিতে গিয়ে প্রতিপক্ষের মাঠে। ৬৩ মিনিটে আদ্রিয়ানোর করা গোলটা ৮১ মিনিটে হ্যানোভারের মামে দিয়ুফ ফিরিয়ে দিলেও ৬ মিনিট পর জয়সূচক গোলটি করেন রাদামেল ফ্যালকাও। গতবার ১৭ গোলের রেকর্ড করা এই কলম্বিয়ান স্ট্রাইকারের এবার এটি অষ্টম গোল। তার ওপরে আছেন শুধু শালকের ডাচ স্ট্রাইকার ক্লাস-ইয়ান হান্টেলার (১০)। লা লিগায় তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়া ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হল্যান্ডের এজেড অলকমারকে। নিয়েছে প্রথম লেগে ২-১ গোলের হারের প্রতিশোধ। ম্যান সিটিকে হারিয়ে শেষ আটে ওঠা লিসবন ইউক্রেনের মেটালিস্ট খারকভের সঙ্গে ১-১ গোল ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে উঠেছে সেমিতে। আগামী ১৯ ও ২৬ এপ্রিলের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে, বিলবাও খেলবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে। এএফপি, রয়টার্স।