ইউরোপের সেরা জুটি নেইমার-কাভানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুটি বেঁধে সবচেয়ে বেশি গোল করেছেন নেইমার ও কাভানি। ছবি: রয়টার্স
জুটি বেঁধে সবচেয়ে বেশি গোল করেছেন নেইমার ও কাভানি। ছবি: রয়টার্স

নেইমার আর কাভানির নাকি ঠিক জমে না। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে পিএসজিতে এসেই ড্রেসিংরুমে ঝামেলা পাকিয়েছিলেন নেইমার। পেনাল্টি কিক নিতে চাওয়া নিয়ে মাঠেই এই দুজনের ঝগড়া নিয়ে সংবাদমাধ্যমগুলোয় কম সমালোচনা হয়নি। সমালোচনার জবাবটা মাঠের খেলাতেই দিলেন পিএসজির দুই লাতিন ফরোয়ার্ড। দুই ‘বন্ধু’ একে অপরকে মোট সাতটি গোলে সহায়তা করেছেন। ইউরোপের অন্য কোনো জুটির মধ্যে এতগুলো গোল নেই।

এই মৌসুমে মোট ১২টি গোলে সহায়তা করেছেন নেইমার। এর ছয়টিতে গোলে করেছেন এডিনসন কাভানি। অন্যদিকে, কাভানির ‘অ্যাসিস্ট’ তিনটি, যার একটিতে গোল করেছেন নেইমার। জুটি হিসেবে সাতটি গোল রয়েছে এই দুজনের মধ্যে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে এখন পর্যন্ত ১১ গোল করেছেন নেইমার, কাভানির গোল ১৯টি।

কাভানির সঙ্গে জুটি বেঁধেছেন ফরাসি বিস্ময়-বালক কিলিয়ান এমবাপ্পেও। উরুগুয়ের ফরোয়ার্ডকে পাঁচটি গোলে সহায়তা করেছেন তিনি, বিনিময়ে তাঁর কাছ থেকে পেয়েছেন একটি। ছয় গোল নিয়ে এই জুটি রয়েছে তালিকার দুই নম্বরে। অবশ্য আরও দুটি জুটির ছয় গোল রয়েছে। নাপোলির দুই ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিনিয়ে ও ড্রাইস মার্টেনসের মধ্যেও রয়েছে ছয়টি গোল। লিভারপুলের দুই ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো ও মোহাম্মদ সালাহর মধ্যেও ছয়টি গোল রয়েছে। টটেনহামের দুই মিডফিল্ডার ডেলে আলী ও ট্রিপিয়ারের কাছ থেকে সমান পাঁচটি করে গোলে সহায়তা বুঝে নিয়েছেন এ বছরের সবচেয়ে বেশি গোলদাতা হ্যারি কেন।

শীর্ষ পাঁচে জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। জর্ডি আলবার সঙ্গে জুটি বেঁধে ৫ গোল করেছেন মেসি। অন্যদিকে, ইসকো ও রোনালদো জুটির গোলসংখ্যা ৪। মৌসুম শেষে হয়তো ঠিকই শীর্ষস্থানে জায়গা করে নেবেন সময়ের দুই সেরা ফুটবলার।

জুটি

গোলে সহায়তা

নেইমার-কাভানি (পিএসজি)

(৬+১) = ৭

এমবাপ্পে-কাভানি (পিএসজি)

(৫+১) = ৬

ইনসিনিয়ে-মার্টেনস (নাপোলি)

(৩+৩) = ৬

সালাহ-ফিরমিনো (লিভারপুল)

(৩+৩) = ৬

আলী-কেন ও ট্রিপিয়ার-কেন (টটেনহাম)

(৫+০) = ৫