ইউরোর আগে হল্যান্ডের স্বস্তির জয়
শনিবার আমস্টারডামের দুর্ভাগ্যের পুনরাবৃত্তি হয়নি রটার্ডামে। আমস্টারডামে বুলগেরিয়ার বিপক্ষে হারের পর কাল রটার্ডামে স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। এই জয় ইউরো চ্যাম্পিয়নশিপের আগে কমলা রঙের জার্সিধারীদের হারানো আত্মবিশ্বাসকে অনেকটাই ফিরিয়ে দিয়েছে।খেলার আট মিনিটের সময়ই এগিয়ে যায় হল্যান্ড। গোলটি অবশ্য ছিল আত্মঘাতী। ইব্রাহিম অ্যাফেলে স্লোভাক গোলমুখে নিচু একটি ক্রস ফেললে তা কোরনেল সালাতার পায়ে লেগে জালে জড়িয়ে যায়। এক গোলে এগিয়ে গিয়েও স্লোভাকিয়ার ওপর চাপ অব্যাহত রাখে ডাচরা। রবিন ফন পার্সি স্লোভাক ডিফেন্ডার পিটার পেকারিককে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকেও বল বাইরে মারেন।স্লোভাকিয়াও এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টায় ছিল মরিয়া। কিন্তু তারা হল্যান্ডের শক্তিশালী মধ্যমাঠ ও আক্রমণভাগের কৌশলের সঙ্গে পেরে উঠছিল না। তবে ডাচ গোলরক্ষক মারটিন স্টেকেলেনবার্গের একটি ভুলে অবশ্য সমতা ফিরিয়ে আনার একটি সুযোগ পেয়ে যায় স্লোভাকিয়া। গ্রেগরি ফন ডার উইয়েলের একটি ব্যাকপাস ধরতে ব্যর্থ হয়ে বিপদ ডেকে এনেছিলেন স্টেকেলেনবার্গ। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মিরোস্লাভ স্টক। তাঁর শট বাইরে দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর মিরোস্লাভ স্টকের আরও একটি বারে লেগে প্রতিহত হয়।এর পরপরই ম্যাচে আক্রমণের গতি কিছুটা স্তিমিত হয়ে আসে। হল্যান্ড খেলার শুরু থেকে যেভাবে স্লোভাকদের ওপর আক্রমণে ঝাঁপিয়েছিল, পরবর্তী সময়ে সেই গতি ধরে রাখতে পারেনি। বরং এ সময় তারা কিছুটা নিচে নেমে এসে খেলতে থাকে। ডাচদের গতিহীনতার সুযোগ স্লোভাকরা সেই সময় দুটো গোলের সুযোগ পেয়ে যায়। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। প্রথমবার দুসান সাভেন্তোর একটি ক্রস গোলে ঢোকার আগ মুহূর্তে কোনোমতে ফেরান ডাচ গোলরক্ষক স্টেকেলেনবার্গ। এর পরই মারেক ব্যাকোসের শট আবার বারে লেগে প্রতিহত হয়।খেলার ৭০ মিনিটে হল্যান্ডের আরও এগিয়ে যাওয়ার একটি সুযোগ নষ্ট করেন ফন ডার ভার্ট। এরপর সেই ফন ডার ভার্টেরই একটি ফ্রি-কিক স্লোভাক গোলরক্ষককে পরাভূত করার পরও বারে লেগে ফিরে আসে। ফন ডার উইয়েল এরপর আরও একটি সুযোগ পেয়েছিলেন কিন্তু তাঁর শট স্লোভাক গোলরক্ষক মুচা ঠেকিয়ে দেন। খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে ক্লাস-জান হান্টেলারের পাস থেকে হল্যান্ডের পক্ষে ফন ডার ভার্ট দ্বিতীয় গোল করে হল্যান্ডকে এনে দেন ইউরো চ্যাম্পিয়নশিপের আগে স্বস্তির এক জয়।