ইউরোর শিরোপা ধরে রাখা কঠিন: ক্যাসিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০১০ সালে বিশ্বসেরার মুকুটটাও পড়েছে তারা। এবারের ইউরো শিরোপাটা জিততে পারলেই একটা অনন্য রেকর্ড গড়ে ফেলবে দেল বস্কের শিষ্যরা। প্রথম দল হিসেবে তারা পাবে টানা দুটি ইউরো ও মাঝে একটি বিশ্বকাপ জয়ের বিরল সম্মান। তবে কাজটা যে খুব সহজ হবে না, সেটা ভালোমতোই বুঝতে পারছেন ইকার ক্যাসিয়াস। প্রথমবারের মতো শিরোপা জেতার চেয়ে সেই শিরোপাটা নিজেদের দখলে রাখার কাজটা অনেক কঠিন হবে বলে মনে করছেন স্পেনের অধিনায়ক।২০০৮ সালে সবাইকে বেশ চমকে দিয়েই ইউরোর শিরোপা জিতেছিল স্পেন। আর ২০১০ সালে বিশ্বকাপ জেতার পর এবার ফেবারিটের তকমা এঁটেই ইউক্রেন-পোল্যান্ডে যাচ্ছে স্পেন। এখন বিশ্বসেরা দল হিসেবে তাদের ওপর যে প্রত্যাশা, সেটাকেই বাড়তি চাপ মনে হচ্ছে ক্যাসিয়াসের। তিনি বলেছেন, ‘চার বছর আগে আমরা যেভাবে ইউরোতে অংশ নিয়েছিলাম, এবারের পরিস্থিতি সে রকম নয়। আমরা ভালো দল ছিলাম। কিন্তু সবাইকে কিছুটা অবাক করে দিয়েই শিরোপাটা জিতেছিলাম। কিন্তু এবার আমাদের ওপর প্রত্যাশা অনেক বেশি।’২০০৮ সালে স্পে প্রথমবারের মতো ইউরোপসেরার মর্যাদা পেয়েছিল কোচ লুইস অ্যারাগোনেসের হাত ধরে। সাবেক এই কোচ অবশ্য বেশ আত্মবিশ্বাসী যে স্পেন এবার ইতিহাস গড়বে। টানা দুটি ইউরো শিরোপা এখন পর্যন্ত জিততে পারেনি কোনো দলই। দেল বস্কের পরিকল্পনায় স্পেন সেই অনন্য রেকর্ডটা গড়তে পারবে বলেই বিশ্বাস অ্যাগারনেসের। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের সময়ও আমি আশাবাদী ছিলাম। এখনো তাই আছি। তারা ফুটবল ইতিহাসের প্রথম দল হিসেবে টানা তিনটি বড় প্রতিযোগিতার শিরোপা জয়ের মিশনে নামছে। আর এটা সত্যিই খুব কঠিন। কিন্তু আমার মনে হয়, দেল বস্ক আর তাঁর দল ভালো ফলই করবে। আমরা ফেভারিট। আর আমরা এটা প্রমাণও করতে পারব।’ ইএসপিএন।