ইউরোর সেরা খেলোয়াড় ইনিয়েস্তা
ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন অনেকেই। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, ইতালির আন্দ্রেস পিরলো, স্পেনের জাভি, জাবি আলনসোসহ আরও অনেকে। কিন্তু এঁদের সবাইকে পেছনে ফেলেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। আজ ইউরো ২০১২-এর সেরা খেলোয়াড় হিসেবে এই স্প্যানিশ মিডফিল্ডারের নাম ঘোষণা করেছে উয়েফা।ফাইনালে ইতালিকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরো শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়েছে স্পেন। আর এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইনিয়েস্তা। ফাইনালেও ইতালির বিপক্ষে মাঝমাঠে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন বার্সেলোনার এই মিডফিল্ডার। তীক্ষ ও সৃজনশীল ফুটবল খেলার জন্যই তাঁকে সেরা খেলোয়াড় নির্বাচন করেছে উয়েফা। উয়েফার কর্মকর্তা অ্যান্ডি রক্সবার্গ সাংবাদিকদের বলেছেন, ‘ইতালির হয়ে আন্দ্রেয়া পিরলো চমত্কার খেলেছেন, জাভি গত আসরে এই পুরস্কারটা জিতেছিল আর সে আবার হয়তো এটা জিততে পারে। জাবি আলনসোও দুর্দান্ত খেলেছে। কিন্তু ইনিয়েস্তা সবাইকে দেখিয়েছে যে কীভাবে তীক্ষ ও সৃজনশীলভাবে ফুটবল খেলতে হয়। গোটা টুর্নামেন্টেই সে দারুণ খেলেছে।’সেরা খেলোয়াড় নির্বাচন করার পাশাপাশি এবারের ইউরোর সেরা খেলোয়াড়দের নিয়ে একটা দলও ঘোষণা করেছে উয়েফা। আর এই দলে শিরোপাজয়ী স্পেনের খেলোয়াড় আছে ১০ জন। রানারআপ ইতালির চারজন খেলোয়াড় জায়গা পেয়েছেন এই দলে।উয়েফার ইউরো ২০১২ দল:গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন (ইতালি), ইকার ক্যাসিয়াস (স্পেন), ম্যানুয়েল নয়্যার (জার্মানি)ডিফেন্ডার: জেরার্ড পিকে (স্পেন), ফ্যাবিও কনত্রাও (পর্তুগাল), ফিলিপ লাম (জার্মানি), পেপে (পর্তুগাল), সার্জিও রামোস (স্পেন), জর্ডি আলবা (স্পেন)মিডফিল্ডার: ড্যানিয়েল ডি রসি (ইতালি), স্টিভেন জেরার্ড (ইংল্যান্ড), জাভি হার্নান্দেজ (স্পেন), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), সামি খেদিরা (জার্মানি), সার্জিও বুসকেটস (স্পেন), মেসুত ওজিল (জার্মানি), আন্দ্রে পিরলো (ইতালি), জাবি আলনসো (স্পেন)স্ট্রাইকার: মারিও বালোতেল্লি (ইতালি), সেস ফ্যাব্রিগাস (স্পেন), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল), জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন), ডেভিড সিলভা (স্পেন)