ইউরোয় ইংল্যান্ডের ব্যর্থতা দেখছেন লিনেকার
যেকোনো বড় প্রতিযোগিতাতেই আকাশচুম্বী প্রত্যাশার বিপরীতে ইংলিশ ফুটবলের প্রাপ্তিযোগ থাকে খুবই সামান্য। বেশির ভাগ সময়ই প্রত্যাশা আর প্রাপ্তির পার্থক্যটা এত প্রকট হয়ে দেখা দেয় যে সমর্থকদের পুড়তে হয় হতাশার আগুনে। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে তাই আগে থেকেই সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি গ্যারি লিনেকার।‘এবারের ইউরো নিয়ে অতিরিক্ত প্রত্যাশা তৈরি করা উচিত হবে না।’ সমর্থকদের সতর্ক করে মন্তব্য করেছেন এই ইংলিশ গ্রেট। বলেছেন, ‘মনে হচ্ছে এবারও প্রতিবারের মতো আমাদের হতাশই হতে হবে।’১৯৮৬-এর মেক্সিকো বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ও ইংল্যান্ডের জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ৪৮টি গোল করা সাবেক এই স্ট্রাইকার আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপে ইংলিশ দলকে ফেবারিটের কাতারে রাখতে একেবারেই নারাজ। তাঁর মতে, ‘এবারের ইউরোয় ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে—এমন প্রত্যাশা বোধকরি খুব কম মানুষই করে। যারা করে, তাদের বলছি, অতিরিক্ত প্রত্যাশা করবেন না। তাহলে হতাশ হতে হবে। আমার মনে হয়, ইংলিশ দল এবারও প্রতিবারের মতো ব্যর্থ হয়েই দেশে ফিরবে।’এদিকে রিডার্স ডাইজেস্টে দেওয়া লিনেকারের এই সাক্ষাত্কার নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে ইংলিশ ফুটবল মহলে। রিডার্স ডাইজেস্টে বলা এসব কথাবার্তাকে উদ্ধৃত করে একটি ব্রিটিশ সংবাদপত্র লিনেকারকে নিয়ে যে সংবাদটি পরিবেশন করেছে, তাতে শিরোনাম অনেকটা এমন, ‘ইংল্যান্ড পরাজিতদের দল: লিনেকার’। তবে লিনেকার এই শিরোনামের প্রতিবাদ জানিয়ে বলেছেন যে তিনি এ ধরনের কোনো কথা সেই সাক্ষাত্কারে বলেননি।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে তিনি বলেছেন, ‘কেউ যদি প্রমাণ দেখাতে পারে যে আমি সেই সাক্ষাত্কারে ইংল্যান্ডকে “পরাজিতদের দল” হিসেবে আখ্যায়িত করেছি, তাহলে যেকোনো কিছু মাথা পেতে নিতে প্রস্তুত আছি আমি।’ ওয়েবসাইট।