ইউরোয় থাকছেন না ভিয়া
শেষ পর্যন্ত ডেভিড ভিয়া নিজেই ঘোষণাটা দিয়ে দিলেন। ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের আক্রমণ ভাগের অন্যতম বড় অস্ত্র জানিয়ে দিয়েছেন ইউরোর আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা তাঁর পক্ষে সম্ভব নয়। এ জন্য কোচ ভিসেন্তে দেল বস্ককে তিনি একজন বিকল্প খুঁজে নেওয়ারও আহ্বান জানিয়েছেন।ইউরোর আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন বলে নিজের টুইটার পেজে জানান ভিয়া। তিনি আরও বলেছেন, ‘শেষ পর্যন্ত লড়াই চালিয়েও রণে ভঙ্গ দিতে হলো।’ ইউরো শুরু হওয়ার আগে শতভাগ ফিটনেস অর্জন করা তাঁর পক্ষে সম্ভব হবে না বলেই তিনি জানিয়ে দিয়েছেন।স্প্যানিশ কোচ দেল বস্ক কিন্তু ডেভিড ভিয়ার দলে আসার দরজাটা শেষ মুহূর্ত পর্যন্তই খোলা রাখতে চেয়েছিলেন। কিন্তু ভিয়া ‘বস’কে অহেতুক আশায় রাখতে চাননি বলেই এ ঘোষণাটা দিয়েছেন। বলেছেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই উচিত নিজের অপারগতার কথা অকপটে বলে দেওয়া।’ নিজের ফিটনেস নিয়ে দেশকে ও দেশের জাতীয় দলকে অহেতুক আশার দোলাচলে রাখাটা ভিয়ার কাছে একধরনের অসততাই মনে হয়েছে।কোচ দেল বস্কের সঙ্গেও বিষয়টি নিয়ে ভিয়া আলাপ করেছেন বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, দেল বস্ক নাকি ভিয়াকে এর পরও দলের একজন সদস্য হিসেবে ইউক্রেন ও পোল্যান্ডে যাওয়ার জন্য বলেছিলেন। বস্ক আশায় ছিলেন যদি ইউরোর দ্বিতীয় পর্বে ভিয়াকে পরিপূর্ণ সুস্থ হিসেবে পাওয়া যায়। তবে ভিয়া তাতে রাজি হননি। পুরোপুরি সুস্থ হয়েই জাতীয় দলে ফিরতে চান বলে ভিয়া দেল বস্ককে জানিয়েছেন। স্পেনের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ডেভিড ভিয়ার গোলসংখ্যা ৫১। ২০১০ সালে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ে ভিয়ার অবদান ছিল অসামান্য। গত ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও ভিয়া দুর্দান্ত খেলেছিলেন। রয়টার্স।