ইউরোয় মুখোমুখি লন্ডন-বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো। ২০২০ সাল থেকে এক বা দুই দেশে আয়োজনের পরিবর্তে ইউরো ছড়িয়ে পড়বে ইউরোপজুড়েই। এটা পুরোনো খবর। নতুন খবর হলো, নতুন ফরম্যাটের প্রথম আসরের সেমিফাইনাল ও ফাইনাল আয়োজনের লড়াইয়ে এখন লন্ডন ও মিউনিখ।

ইংল্যান্ড ও জার্মানির এ দুটি শহরই আয়োজক হতে চায় ২০২০ ইউরোর শেষ তিনটি ম্যাচের। এ জন্য আবেদন করার শেষ সময় ছিল শুক্রবার মধ্যরাত। সেমিফাইনাল ও ফাইনাল পাওয়ার লড়াইয়ে আছে ওই দুটি শহরই। গ্রুপ পর্বের তিনটি ও নকআউট পর্বের একটি (শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল) ম্যাচের ১২টি প্যাকেজ পেতে আগ্রহী ১৯টি শহর। এদের মধ্যে আছে লন্ডন, মিউনিখও। এএফপি।

এই ১৯টি শহরের মধ্য থেকে ১৩টি বেছে নেওয়া হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ৫৪ সদস্যের উয়েফার ৩২টি দেশ আগ্রহ দেখিয়েছিল আয়োজক হওয়ার। শেষ পর্যন্ত আছে ১৯টি দেশ। এত আগ্রহ দেখে স্বাভাবিকভাবেই খুব খুশি উয়েফার সভাপতি মিশেল প্লাতিনি, ‘উয়েফা ইউরো ২০২০ আয়োজনের জন্য এতগুলো আবেদন পাওয়ায় আমরা যারপরনাই খুশি। ইউরোপের অনেকগুলো দেশে খেলা—৬০তম বার্ষিকীর টুর্নামেন্টটা হবে ঐতিহাসিক।’