ইউরোয় ‘পল’ হাতি আর শূকর
গত বিশ্বকাপে জার্মানির সাতটি খেলাসহ মোট আটটি খেলার সঠিক ভবিষ্যদ্বাণী করে রীতিমতো তারকাখ্যাতি পেয়ে গিয়েছিল পল নামের এক অক্টোপাস। গ্রুপ পর্বের খেলায় সার্বিয়ার বিপক্ষে জার্মানির আকস্মিক হারের ফলটাও আগেই বলে দিয়েছিল এই আটপেয়ে প্রাণীটা। এবার ইউরো ২০১২ আসরে পলের উত্তরসূরি হিসেবে পোল্যান্ড নিয়ে আসছে সিটা নামের এক হাতি। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে আনা হচ্ছে বিশালদেহী এক শূকর। ইউরোপের সবচেয়ে বড় ফুটবল আসরের প্রতিটি খেলার ভবিষ্যদ্বাণী করার কাজটা বর্তাবে এই দুই চারপেয়ে প্রাণীর ওপর।তবে এই গুরু দায়িত্বটা তাদের কাঁধে এমনি এমনিই তুলে দেওয়া হয়নি। অনেক রকম পরীক্ষা-নিরীক্ষার পরই পোল্যান্ড ও ইউক্রেন নির্বাচন করেছে এই হাতি ও শূকরকে। দক্ষিণ পোল্যান্ডের ক্রাকোউ শহরের চিড়িয়াখানায় ভারত থেকে আনা হয়েছিল ৩৩ বছর বয়সী মাদি হাতিটিকে। ইউরো আসরের জ্যোতিষী হিসেবে নির্বাচিত হওয়ার আগে একটা বানর, টিয়া ও আরেকটা হাতির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়েছিল সিটা নামের হাতিটিকে। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসি জিতবে—এমনটা সঠিকভাবে অনুমান করতে পারার পর তাকে দেওয়া হয়েছে পোল্যান্ডের আনুষ্ঠানিক জ্যোতিষীর মর্যাদা।অন্যদিকে ইউক্রেনের শুকরটি সম্পর্কে খুব বেশি জানা যায়নি। কারণ সে নাকি খুবই লাজুক প্রকৃতির এবং এখনই গণমাধ্যমের চাপ সামলানোর জন্য প্রস্তুত হয়ে ওঠেনি। ক্রিভ শহর প্রশাসনের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা নিশ্চিত হতে চাই যে সে শান্ত থাকবে। আমরা তাকে ভয় পাইয়ে দিতে চাই না।’ শূকরটি বিয়ার খেতে খুবই পছন্দ করে আর টেলিভিশনে খেলা দেখার সময় আনন্দে ঘাঁতঘোঁত শব্দ করে বলে জানিয়েছেন শূকরটির মালিক। এখন দুই বছর বয়সী এই শূকরটিকে জনসমক্ষে আনার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।ইউরোর প্রতিটা খেলার আগের দিন হারজিতের ভবিষ্যদ্বাণী করবে এই দুই প্রাণী। যে দুই দলের খেলা হবে, সেই দুই দলের জাতীয় পতাকার উপরে রাখা খাবার খেয়ে এই ভবিষ্যদ্বাণীটা করবে তারা। কিন্তু প্রাণী দুটি যদি দুই রকম অনুমান করে, তাহলে সেই দ্বন্দ্বটা কীভাবে মেটানো যাবে, সে বিষয়ে কোনো কথা বলছে না স্বাগতিক দুই দেশ। ইএসপিএন।